প্যারিস অলিম্পিক  

দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া বলে ক্ষমা চাইলো আইওসি

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১৪:৫০

জমকালো আয়োজনে উদ্বোধন হয়েছে প্যারিস অলিম্পিকের। শুক্রবার (২৬ জুলাই) বৃষ্টি ভেজা সন্ধ্যায় সিন নদীতে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন হয়। নদীর বুক চিরে জলযানে করে মার্চপাস্ট করেন অলিম্পিকে অংশ নেওয়া বিভিন্ন দেশ বা দলের অ্যাথলেটরা। সেখানেই ঘটেছে এক বিপত্তি।

দক্ষিণ কোরিয়া দল যখন জলযানে করে মার্চপাস্টে আসে তখন ধারাভাষ্যকার তাদের উত্তর কোরিয়া বলে পরিচয় করিয়ে দেন। পরিচয়পর্বে প্রথমে ফরাসি ভাষায় দক্ষিণ কোরিয়াকে বলা হয়, ‘রিপাবলিকে পপুলাইরে দেমোক্রাতিকে দে কোরে।’ পরে ইংরেজিতে বলা হয়, ‘ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া।’ এটা উত্তর কোরিয়ার অফিশিয়াল নাম। আর দক্ষিণ কোরিয়ার অফিশিয়াল নাম হচ্ছে রিপাবলিক অব কোরিয়া।

এমন অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ক্ষমা চেয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। তাদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে ক্ষমা চেয়ে বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারের সময় দক্ষিণ কোরিয়া দলকে পরিচয় করিয়ে দিতে গিয়ে যে ভুলটি হয়েছে, এর জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’  

 

ইত্তেফাক/জেডএইচ