বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার 

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১৭:১৭

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার ও স্পিডবোটডুবির ঘটনায় নিখোঁজের ২ দিন পর পৃথক স্থান থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) দুপুর ও বিকালের দিকে টেকনাফের নাফনদী থেকে পৃথকভাবে নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন সেন্টমার্টিন দক্ষিণ পাড়ার ফহাদ (৩০), ইসমাইল (২৮) ও নুর মোহাম্মদ সৈকত (৩২)। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) তপন কুমার বিশ্বাস। 

তিনি জানান, গত বুধবার দুপুরের দিকে শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিনগামী একটি ফিশিং ট্রলার যাত্রীসহ সাগরের ঢেউয়ের তোড়ে পড়ে ডুবে যায়। এ ঘটনায় নুর মোহাম্মদ সৈকত ও ইসমাইল নিখোঁজ হয়। খবর পেয়ে সেন্টমার্টিন থেকে ফহাদসহ আরও লোকজন স্পিডবোট যোগে ঘটনাস্থলে এসে ডুবে যাওয়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করলে তখন তাদের স্পিডবোটও উত্তাল সাগরের ঢেউয়ে উল্টে যায়। এতে নিখোঁজ হন ফহাদ নামে একজন।

নিখোঁজের দুইদিন পর নাফনদীর বড় ডেইল অংশ থেকে ফহাদ ও ইসমাইলের লাশ উদ্ধার করা হয়। ঐ দিন সন্ধ্যায় সৈকতকে নাফনদীর শাহপরীর দ্বীপ অংশ থেকে উদ্ধার করা হয়। 

 

ইত্তেফাক/এসএ