পর্দা উঠেছে প্যারিস অলিম্পিকের। শুরুতেই এসেছে দুঃসংবাদ। শুক্রবার (২৬ জুলাই) জমকালো আয়োজনে ফ্রান্সের প্যারিসে অলিম্পিক গেমসের ৩৩তম আসরের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনের কিছু সময় আগে মারা গেছেন সামোয়ার বক্সিং কোচ লিওনেল এলিকা ফাতুপাইতো। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন।
উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে অলিম্পিক ভিলেজে অবস্থান করছিলেন সামোয়ার বক্সিং কোচ। সেখানেই মৃত্যু হয় তার। ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মারা গেছেন এই বক্সিং কোচ।
আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন এক বিবৃতিতে জানায়, ‘বক্সিং কোচের মৃত্যুতে আমরা আইবিএ পরিবার সমবেদনা জানাচ্ছে। সামোয়ার জাতীয় বক্সিং কোচ লিওনেল এলিকা ফাতুপাইতোর পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতিও আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি। খেলাধুলার প্রতি লিওনেলের অবদান উদাহরণ হয়ে থাকবে। তার অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’
