বলিউড সিনেমা ‘গেহরেইয়া’তে এক প্রতারকের চরিত্রে অভিনয় করেছিলেন সিদ্ধান্ত চতুর্বেদী। ২০২২ সালে মুক্তি প্রাপ্ত এ সিনেমাতে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে একজন সুপারস্টারের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বললেন সিদ্ধান্ত।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর অন্তরঙ্গ দৃশ্য নিয়ে একসময় তুমুল চর্চা হয়েছে নেটদুনিয়ায়।
সম্প্রতি সিদ্ধান্ত জানান, বলিউডের প্রথম সারির অভিনেত্রীর সঙ্গে এমন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা খুব সহজ ছিলনা।
তিনি বলেন, ‘গেহরেইয়া’-তে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গিয়ে নাকি বেগ পেতে হয়েছিল আমাকে। দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের আগে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম।
তবে আত্মীয়রা সিদ্ধান্তের এই সিনেমা খুব একটা ভালোভাবে গ্রহণ করেননি। অভিনেতার মামা নাকি ছবিটা দেখে বেশ লজ্জায় পড়েছিলেন।
এ প্রসঙ্গে সিদ্ধান্ত বলেন, আগে ছবিটা দেখুন আর বুঝুন। কিন্তু সবাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মাথা ঘামিয়েছে আর হাসাহাসি করেছে। কেউ কাজটা নিয়ে কিছু বলেননি।
জানা গেছে, সিনেমার প্রযোজক করণ জোহর আলাদা করে সিদ্ধান্তকে ডেকে কিছু পরামর্শ দেন। অভিনেতার কাছে তিনি জানতে চান— আসলে সমস্যাটা কোথায়? আমি তখন সবটা খুলে বলি তাকে।
পরে করণ বলেন, আরে, তুমি একজন পেশাদার অভিনেতা। তাই একজন পেশাদার অভিনেতার মতোই আচরণ করো। এটা তোমার কাজ।
শুধু করণই নন, এই চরিত্রে অভিনয়ের জন্য বাবার থেকেও পরামর্শ পেয়েছিলেন সিদ্ধান্ত। অভিনেতার বাবা বলেছিলেন, শোনো, ভারতে ৯৯ শতাংশ মানুষ এমন একটি সুযোগ পাওয়ার জন্য যা খুশি করতে পারেন। তারা এক সেকেন্ডের জন্যও ভাববেন না। তুমি এত কী ভাবছ? একজন পুরুষ ও একজন পেশাদার অভিনেতা হিসেবে ভাবো। এটাই তোমার কাজ।
