ক্যাম্পাসের প্রিয়মুখ

গুগল শোভন

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১৮:০৭

 

পড়ালেখায় ভালো। সুন্দর উপস্থাপনা করেন। বিভিন্ন সামাজিক কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন। ক্যাম্পাসের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর পরিচিত মুখ তিনি। তাকে ছাড়া যেন ক্যাম্পাসে বন্ধুবান্ধবদের আড্ডা জমেই না। বলছিলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহবাজ মিঞা শোভনের কথা।

পরোপকারী, ক্রীড়ামনা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হওয়ায় সবার কাছে শোভন একটি প্রিয় নাম, প্রিয় মুখ। ক্যাম্পাসে ছোটো-বড়ো সবাই তাকে চিনেন। আইটি বিষয়ে ভালো ধারণা থাকায় বন্ধুরা ডাকেন গুগল শোভন নামে।

২০১২ সালে সরকারি বাউফল মডেল স্কুল থেকে এসএসসি এবং ২০১৪ সালে সরকারি বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন।

২০১৩ সালে ডাচ বাংলা ব্যাংক প্রথম আলো গণিত অলিম্পিয়াডে বরিশাল অঞ্চলে প্রথম রানার-আপ হন। ২০১৩ সালে ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডে জাতীয় ও বিভাগীয় চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ২০১৪ সালে বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক আয়োজিত বাংলাদেশ শিশু সংসদে বিরোধী দলের চিফ হুইপ হিসেবে অধিবেশনে অংশগ্রহণ করে লাভ করেন ক্রেস্ট, সম্মাননা স্মারক এবং স্পিকার কর্তৃক অভিনন্দনপত্র।

পরিচালনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি, বিসিএস ক্লাব, রোবোটিকস ক্লাব, সিএসই স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন এর অন্যতম পৃষ্ঠপোষক ও উপদেষ্টা হিসেবে কাজ করেন। বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের খেলাধুলার টুর্নামেন্ট আয়োজন, ক্রীড়াসামগ্রী প্রদান ও পৃষ্ঠপোষকতা করেন। বিশ্ববিদ্যালয়ের অসহায় শিক্ষার্থীদের সেমিস্টার ফি, ল্যাব ফি, বিভাগ উন্নয়ন ফি প্রদান করে তাদের স্বপ্নপূরণে পাশে থাকেন সবসময়। প্রতিষ্ঠা করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত তারুণ্য। যেখানে দুই হাজার তরুণ সদস্য হিসেবে রয়েছেন। খুব অল্প সময়ে সংগঠনটির উদ্যোগে ৫০০ অসহায় রোগীর জন্য রক্তের ব্যবস্থা করা, ২০০ জনকে পার্টটাইম কর্ম সংস্থানের ব্যবস্থা, গরিব শিক্ষার্থীদের টিউশনের ব্যবস্থা করে দিতে পারা সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করেন শোভন। নিজ অর্থায়নে ১২ জন সুবিধাবঞ্চিতদের পড়াশোনা করানো দায়িত্বভার নিয়েছেন ২ বছর আগে। ভালোবাসা দিবস, নববর্ষ, ফল উত্সব, ঈদ উত্সব, মেহেদি উত্সবে ছোটে পথশিশু, বৃদ্ধ, এতিম, প্রতিবন্ধীসহ অসহায় মানুষের কাছে। তাদের সঙ্গে পালন করেন দিবসগুলো।

শোভন অন্যতম একজন তরুণ উদ্যোক্তা। বরিশাল শহরে একাধিক অ্যাডমিশন ও একাডেমিক কেয়ারের প্রতিষ্ঠাতা এবং পরিচালক। নিজের রয়েছে অনলাইন চকোলেট কর্ণার, পোষাকের বিজনেস, রেস্টুরেন্ট বিজনেস এবং প্রকাশনী বিজনেস। মডেল হয়ে কাজ করছেন সিলভার রেইন ব্র্যান্ডের। বিভিন্ন কলেজে নিরাপদ ইন্টারনেট ও সাইবার সিকিউরিটিসহ নানা আইটি রিলেটেড সেমিনার ও ওয়ার্কশ করে থাকেন। প্রতি শুক্র-শনিবারে গ্রামের তরুণদের নিয়ে আয়োজন করেন ক্যারিয়ার আড্ডার।

সব মিলিয়ে মাসিক আয় ২ থেকে আড়াই লাখ টাকা। বরিশাল বিভাগের             সর্বকনিষ্ঠ করদাতা হিসেবে কর দিয়ে আসছেন ২০১৫ সাল থেকে। অবসর সময়ে করেন লেখালেখি। এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি টেক্সট বইয়ের গ্রন্থ প্রণেতা।