একটি সুন্দর জনবান্ধব উদ্ভাবনী আইডিয়া বদলে দিতে পারে একটা সমাজকে। নতুন প্রজন্মের নানা উদ্ভাবিত প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়েই বদলে যাবে কয়েক লক্ষ মানুষের ভাগ্য। জনদুর্ভোগ দূর হয়ে কর্মচঞ্চলতায় মুখরিত হবে চারপাশ। তার ধারাবাহিকতায় এনআইইটির মেরিন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এবার তৈরি করল অটো পেট্রোল সাবমেরিন ও স্পিড বোট। যা দেশের সামরিক শক্তিকে বৃদ্ধি করবে ও মাদক চোরাচালান রোধ এবং দেশের সমুদ্রসীমা রক্ষার্থে ব্যবহার করা যাবে বলে জানায় এর উদ্ভাবনকারীরা। এটি একটি চালকবিহীন সাবমেরিন ও লো-রেজিস্টেন্স টহলগামী স্পিড বোট। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এনআইইটির মেরিন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এটি বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযানের জন্য তৈরি করেছেন। অটো পেট্রোল সাবমেরিনটি খনিজ সম্পদ আহরণ, ডুবে যাওয়া জাহাজ উদ্ধার ও দেশের জলসীমা রক্ষার্থে ব্যবহার করা যাবে।
ষষ্ঠ বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০১৯-এ ঢাকা বিভাগে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (এনআইইটি) মেরিন ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের এই উদ্ভাবনটি সেরা নির্বাচিত হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল বারী (বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ)। গত ২০ জুন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ সেলিম রেজা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত দুই দিনব্যাপী এ মেলায় প্রায় শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ‘বিজ্ঞান ও প্রযুক্তি অর্থনীতির মূলমন্ত্র’ এমন স্লোগানকে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ বিজ্ঞানমেলায় সাবমেরিন ও অটো পেট্রোল স্পিড বোট উদ্ভাবনকারী শিক্ষার্থীরা হলেন তাজবিদ আহমেদ, মাহমুদুল হাসান, আমিনুল ইসলাম, সিফাতুর রহমান, আখেরুদ্দিন, মারিয়া আফরিন, মামুন হোসেন, আদনান সামী, তারেক জিহাদ ও লিমন আহমেদ।
অনুষ্ঠান শেষে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
