‘ঢাবি প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, ব্যর্থতার প্রশ্নই আসে না’

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৬:৫৫

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করেছে এবং এসব ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার কোন প্রশ্নই আসে না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল।  

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে দেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সার্বিক পরিস্থিতি সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় নীল দলের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন নীল দলের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক আব্দুর রহিম। 

সাংবাদিকের প্রশ্নটি ছিল: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাবিতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও বহিরাগতদের হামলা, শিক্ষকদের ওপর হামলা, ছাত্রলীগ নেতাকর্মীদের রুম ভাংচুর, শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারগ্যাস ও সাউন্ডগ্র্যানেড নিক্ষেপ ইত্যাদি ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে কিনা এবং এই ব্যর্থতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ করা উচিত কিনা? 

প্রশ্নের জবাবে অধ্যাপক আব্দুর রহিম বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। এখানে প্রশাসনের ব্যর্থতার কোন প্রশ্নই আসেনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনের সূচনা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছিল, সেটার জন্য আমরাদুঃখিত। 

এর আগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নীল দলের আহবায়ক অধ্যাপক ড. আমজাদ আলী। লিখিত বক্তব্যে ঢাবি প্রশাসনের প্রতি নীলদলের পক্ষ থেকে চারটি আহবান জানানো হয়। সেগুলো হলো: আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত সকল ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের অবিলম্বে শান্তির আওতায় আনা। দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম শুরু করা। আবাসিক হলসমূহে বৈধ ও নিয়মিত শিক্ষার্থীদের অবস্থান নিশ্চিত করা। ক্যাম্পাসে শিক্ষার্থী ও শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের নিরাপত্তা নিশ্চিত করা। 

 লিখিত বক্তব্যে শিক্ষার্থী দাবি পূরণ হয়েছে উল্লেখ করে আন্দোলনের পথ পরিহার করতে উল্লেখ করে বলা হয়, শিক্ষার্থীদের দাবির কাঙ্ক্ষিত সমাধান হওয়ায় তাদেরকে আন্দোলনের পথ পরিহার করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ভূমিকা রাখা ও রাষ্ট্রদ্রোহী মহলের ষড়যন্ত্রের ক্রীড়নকে পরিণত না হওয়ার ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন, নীল দলের কোষাধ্যক্ষ অধ্যাপক মাসুদুর রহমান সহ নীলদলের অন্যান্য শিক্ষক নেতারা।

ইত্তেফাক/এআই