অভিনেতা ও পরিচালক জাহিদ হাসান অভিনীত নতুন চলচ্চিত্র ‘সিতারা’ মুক্তি পাচ্ছে আগামী ১৯ জুলাই। তবে বাংলাদেশে নয়, ভারতের ৫টি প্রদেশে মুক্তি পাচ্ছে আশিষ রায় পরিচালিত এই সিনেমা। ওপার বাংলার রাইমা সেনের বিপরীতে দেখা যাবে তাঁকে। এছাড়া তিনি এখন ব্যস্ত ঈদুল আজহার কাজ নিয়ে। এসব প্রসঙ্গসহ নানা বিষয়ে তিনি কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে—
ঈদের পর বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন, এখন কী নিয়ে ব্যস্ত আপনি?
শুধু বিশ্রামই নয়, পরিবারকেও সময় দিয়েছি। আসলে কাজের চাপে পরিবারকে খুব বেশি সময় দেওয়ার সুযোগ থাকে না। তাই এবার ভাবলাম কিছুদিন শুধু পরিবারের সঙ্গেই কাটাই। এ মাসের শুরু থেকে আবারো অভিনয় শুরু করেছি। ‘সামচু ভাই সংগ্রামী হতে চায়’ নামের একটি নাটক দিয়ে শুরু করেছি। ঈদুল আজহা উপলক্ষে আরো কয়েকটি নাটকে অভিনয় করবো।
আসছে ঈদের জন্য কোনো নাটক নির্মাণ করবেন?
আমার পেশাই এটা। নাটক এবং অভিনয়। গত ঈদে দুটি নাটক নির্মাণ করেছি। এই ঈদেরও ভালো কিছু কাজ করবো। আসলে আমি ভালো কাজ পেলে মিস দিই না। ভালো কাজ না পেলে তো করা সম্ভব না।
অনেকেই বলছেন বাজেট সঙ্কট। এরমধ্যে ভালো কাজ কতটুকু করা হয়?
এটা ঠিক যে নাটকের বাজেট দিনদিন কমছে। নাটক নির্মাণের আগেই বলে দেওয়া হয়, বাজেট এত টাকা, এরমধ্যে সারতে হবে। এক সময় তো এসব ছিল না। তাছাড়া সবকিছুতেই দিনের পর দিন অবনতি হচ্ছে। ভালো নাটক পেতে হলে বাজেটও যেমন লাগবে তেমনি সময়, গল্প, আাান্তরিকতা সবকিছুই লাগবে। তবে এরপরও ভালো কিছু নাটক হচ্ছে। আগে বেশি হতো, এখন কম হচ্ছে। আমি বলবো, সবাইকে ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। সবাইকে আরো বেশি যত্নশীল হতে হবে।
আপনার সিনেমার কাজ নিয়ে শুনতে চাই...
আমার অভিনীত মুস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’ ও গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুড’ দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এরমধ্যে শনিবারের বিকেল তো বিভিন্ন চলচ্চিত্র উত্সবে ভালো সুনাম কুড়িয়েছে। আর ওপার বাংলার সিতারাও মুক্তি পাচ্ছে।
সিতারা সিনেমায় আপনার চরিত্র প্রসঙ্গে জানতে চাই—
সীমান্তের নানা ঘটনা নিয়ে ছবির কাহিনি এগিয়েছে। ওপার বাংলার খ্যাতনামা লেখক আবুল বাশারের উপন্যাস ‘ভোরের প্রসূতি’র প্রেক্ষাপট নিয়েই ছবিটির গল্প। ছবির গল্প আসলে দারুণ। এতে ফজলুর রহমান বাবু ভাইয়ের স্ত্রী থাকেন রাইমা। আর আমার প্রেমিকা। এতে আমার চরিত্রের নাম দিলু।
