রিদম অব বাংলাদেশ-এর দ্বিতীয় খণ্ড নিয়ে এনাম সরকার

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২০:২৪

গত দুই দশক বিনোদন সাংবাদিকতার পাশাপাশি সাংস্কৃতিক সংগঠক ও লেখক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন এনাম সরকার। ক্যারিয়ারের দুই দশক পূর্তিতে তারকাদের ক্যারিয়ারগ্রাফ নিয়ে একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরির কাজ করছেন তিনি।

১৯৯৬ সালের শেষদিকে দৈনিক জনকণ্ঠ দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু হয়। এরপর একাধিক সংবাদপত্রের সাহিত্য সাময়িকী এবং বিনোদন বিভাগগুলোতে লেখালেখি করেন। সর্বশেষ দৈনিক ইনকিলাব-এ সিনিয়র রিপোর্টার হিসেবে যোগ দেন। এখানেই টানা ১৮/১৯ বছর তিনি দেশের সাংস্কৃতিক অঙ্গন নিয়ে কাজ করেন। সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সমকালীন কার্যক্রম যেমন উঠে আসতো তাঁর প্রতিবেদনে তেমনি দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা মেধাবী সম্ভাবনাময় প্রতিভাবানদেরও তিনি তুলে আনতেন তাঁর সাংবাদিকতায়।

দীর্ঘদিন সংগীত নিয়ে কাজ করতে করতে সংগীত ব্যক্তিত্বদের নিয়ে ২০০১ সালে তিনি গ্রন্থ আকারে প্রকাশ করেন ‘দ্য রিদম অব বাংলাদেশ’ নামে একটি ফটো অ্যালবাম। যেখানে বাংলাদেশের বাছাই করা সেরা সংগীতশিল্পীদের ফটো এবং সংক্ষিপ্ত ডাটা নিবন্ধন হয়। বলা যায়, এই বইটিই শিল্পীদের নিয়ে প্রথম কোনো গ্রন্থ সংকলন। গুগল সার্চের বাইরে এখনো এটাই একমাত্র গ্রন্থ, যেখানে বাংলাদেশের স্বনামখ্যাত শিল্পীদের ছবি পাওয়া যাবে। গ্রন্থটি প্রকাশের পর ব্যাপক আলোচিত হয় সংগীতাঙ্গনে। বই বাজারের বদলে গানের বাজারেই গ্রন্থটির প্রথম সংস্করণ শেষ হয়ে যায়। আরো আলোচিত হয়ে ওঠেন তিনি। রিদম অব বাংলাদেশ-এর দ্বিতীয় খণ্ডের কাজ চলছে এখন। যেখানে চার দশকের বাছাই করা সেরা সিনিয়র সংগীত ব্যক্তিত্বদের সম্পূর্ণ জীবনী থাকছে। থাকছে তাঁদের পেশাগত জীবনের অজানা এবং গুরুত্বপূর্ণ কিছু পর্ব। পাশাপাশি সংগীতের মাধ্যমে গত দুই দশকে সবচেয়ে সফল হয়ে ওঠা তরুণতুর্কিদের নানা উত্থান-পতনের কথাও থাকবে। চলতি বছরের ডিসেম্বরে গ্রন্থটি বাজারে আনার প্রস্তুতি শুরু হয়েছে। এটি প্রকাশ করবে অ্যাডোর পাবলিকেশন। একজন সংগঠক হিসেবেও নিজের শক্ত অবস্থান তৈরি করতে সফল হয়েছেন এনাম সরকার। সাংস্কৃতিক সাংবাদিকদের সবচেয়ে বড় এবং আধুনিক সংগঠন ‘কারচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ’ (সিজেএফবি)-এর ৪ বারের নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে সিজেএফবির প্রধান উপদেষ্টার পদে রয়েছেন। এই সংঠনের মাধ্যমেও তিনি বাংলা সংস্কৃতি এবং মিডিয়ার সঙ্গে যুক্ত মানুষের জন্য কাজ করেছেন। বিগত ১৮ বছরে ‘ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড’ পুরস্কারে ভূষিত হয়েছেন দেশের অনেক জনপ্রিয় ও সর্বাধিক শীর্ষ সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ফলে দিনদিন ‘ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড’ হয়ে উঠেছে দেশের অন্যতম প্রধান সম্মানজনক স্বীকৃতি। ভালো কাজের মাধ্যমে সবসময় যা অর্জনের স্বপ্ন দেখেন বাংলাদেশের মিডিয়ার সঙ্গে যুক্ত মানুষরা।