বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে প্রথমে রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও পরে শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ফলে বন্ধ হয়ে গেছে উভয় পাশের যানচলাচল।
আজ দুপুরে জুমার নামাজের পর পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ছাত্র-জনতার গণমিছিল নিয়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে পৌঁছে সেখানে অবরোধ করেন। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় সেখানে অবস্থানের পর তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে জড়ো হন। বিকেল সাড়ে ৪টার দিকে কয়েকশ শিক্ষার্থী শাহবাগ মোড় অবরোধ করেন। এ সময় সড়কের উভয় পাশের যানচলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে জুমার নামাজের পর সাইন্সল্যাবে গণমিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ যোগ দেন। দীর্ঘসময় তারা সাইন্সল্যাব অবরোধ করে রাখেন।
এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন-‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘এক-দুই-তিন-চার, শেখ হাসিনা স্বৈরাচার’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘ভুয়া ভুয়া, পুলিশ ভুয়া’।
