শিক্ষার্থীদের বিদেশ গমনের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৬:২৪

শিক্ষার্থীদের বিদেশ গমনের ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১২টায় বরিশাল ব্রজমোহন কলেজের নবীন বরণ অনুষ্ঠানে অংশগ্রহণের আগে ক্যাম্পাস পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী পাঁচ বছরে এক কোটি কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য দেশের বাইরে কর্মসংস্থান তৈরি করে দিতে কাজ করা হচ্ছে। এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ঋণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সাধারণ প্রবাসীদের জন্য তিন লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। জনগণের আশা-আকাঙ্ক্ষা জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে পূরণে চেষ্টা করছে সরকার।’

দেশের শ্রমবাজারে কর্মের ঘাটতি রয়েছে স্বীকার করে তিনি বলেন, ‘সরকার কর্মসংস্থান সৃষ্টিতে চেষ্টা করছে। প্রতিবছর আট থেকে ১০ লাখ লোক দেশের বাইরে যাচ্ছে।’ পর্যায়ক্রমে এটি বাড়ানো হবে বলেও জানান তিনি।

ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে ব্রজমোহন কলেজের বাস্কেটবল গ্রাউন্ডে এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 
ইত্তেফাক/এসএইচ