ঐশীর নতুন মিশন ‘আদম’

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২০:২৬

এখনো পুরোপুরি শেষ হয়নি মিশন এক্সট্রিম। এরমধ্যেই নতুন চলচ্চিত্রে নাম লিখিয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল ফেরদৌস ঐশী। এই সিনেমায় তিনি ‘স্বপ্নজাল’ খ্যাত অভিনেতা ইয়াশ রোহানের বিপরীতে অভিনয় করবেন। চলচ্চিত্রটির নাম ‘আদম’। এটি নির্মাণ করবেন আবু তাওহীদ হিরণ।

চলচ্চিত্রটি প্রসঙ্গে ঐশী বলেন, ‘আদম আমার দ্ব্বিতীয় ছবি। আমার বিপরীতে কাজ করবেন ইয়াশ রোহান। তাঁর সঙ্গে এটি আমার প্রথম ছবি হতে যাচ্ছে। আমার বিশ্বাস এই সিনেমায় নতুন কিছু পাবেন সবাই।’

ঐশী আরো বলেন, ‘মিশন এক্সট্রিম ছবির শুটিং শেষ পর্যায়ে। এখন অল্প-বিস্তর কাজ বাকি আছে। শিগগিরই তা শেষ করে ফেলবো। অনেক নতুন কাজের প্রস্তাব এসেছে। সেগুলোর গল্প পড়েছি। গল্পও পছন্দ হয়েছে। তবে এখনো চূড়ান্ত হয়নি। বেশ কয়েকজন ভালো নির্মাতার কাছ থেকেই নতুন ছবির প্রস্তাব পেয়েছি। তাই নিজেকে ধন্য মনে করছি।’

ইয়াশ রোহান, ঐশী ছাড়াও এতে আরো অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, অ্যালেন শুভ্র, আফফান মিতুল, রঙ্গন হূদ্য প্রমুখ। ২৬ আগস্ট থেকে ঢাকার বাইরে এই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।