সম্প্রতি কয়েকটি গণমাধ্যমের অনলাইন ভার্সনে ‘ক্যাম্পাস আমার নিয়ন্ত্রণে নেই: ঢাবি ভিসি’ শীর্ষক একটি সংবাদের ব্যাখ্যা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমের অনলাইন ভার্সনে ‘ক্যাম্পাস আমার নিয়ন্ত্রণে নেই: ঢাবি ভিসি’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এই সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ ধরনের কোনো মন্তব্য কখনো করেননি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৯ জুলাই ভিত্তিহীন এই সংবাদের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যাখ্যা সম্বলিত একটি প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছিলো। কিছু গণমাধ্যম ইতিমধ্যে এ সংক্রান্ত খবরের সত্যতা না পেয়ে তাদের অনলাইন ভার্সন থেকে সংবাদটি সরিয়ে নিয়েছে। কিন্তু এসব গণমাধ্যমের বরাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও অসত্য ও অনভিপ্রেত এই সংবাদটি নিয়ে অপপ্রচার চলছে, যা নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হলো।
