সংশোধিত এডিপির ৯৪ দশমিক ৩২ শতাংশ বাস্তবায়ন

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২০:২৭

বিদায়ি ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৯৪ দশমিক ৩২ শতাংশ। যা আগের ২০১৭-১৮ অর্থবছরে ছিল ৯৪ দশমিক ১১ শতাংশ। গেল অর্থবছরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলো টাকার অঙ্কে খরচ করতে পেরেছে ১ লাখ ৬৬ হাজার ৫৯৩ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে খরচ হয়েছিল ১ লাখ ৪৮ হাজার ৩০৬ কোটি টাকা। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে একনেক বৈঠক শেষে এডিপির হালনাগাদ তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এডিপি বাস্তবায়ন হার কিছুটা বেড়েছে। এর কারণ হলো বিভিন্ন প্রকল্পের পরিচালকের সঙ্গে আমার সরাসরি কথা হয়। তা ছাড়া প্রকল্পের ফান্ড নিয়েও সমস্যা নেই।

আইএমইডির হালনাগাদ তথ্যে দেখা যায়, ২০১৮-১৯ অর্থবছরে সংশোধিত এডিপিতে বরাদ্দ ছিল ১ লাখ ৭৬ হাজার ৬২০ কোটি টাকা। এর মধ্যে সরকারি বরাদ্দের অংশ ছিল ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং প্রকল্প সহায়তার অংশ ছিল ৫১ হাজার কোটি টাকা। বিভিন্ন সংস্থার নিজস্ব অর্থায়ন ছিল ৯ হাজার ৬২০ কোটি টাকা। বাস্তবায়নের তথ্যে দেখা যায় সরকারি বরাদ্দের মধ্যে খরচ হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৫৯৩ কোটি টাকা (৯৫.৭২ শতাংশ), প্রকল্প সহায়তা থেকে খরচ হয়েছে ৪৭ হাজার ২৭৯ কোটি টাকা (৯২.৭০ শতাংশ) এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে খরচ হয়েছে ৯ হাজার ৭১ কোটি টাকা (৮৬ শতাংশ)।

এডিপি বাস্তবায়নের বিশ্লেষণে দেখা যায়, ২০১৭-১৮ অর্থবছরের তুলনায় সরকারি বরাদ্দের অংশ ব্যয় কিছুটা বাড়লেও প্রকল্প সাহায্য ব্যবহার কমেছে। ২০১৭-১৮ অর্থবছরে প্রকল্প সহায়তার ৯৫.৮০ ভাগ বাস্তবায়ন হয়েছিল। অন্যদিকে সরকারি বরাদ্দের ব্যবহার হয়েছিল ৯৪.১১ শতাংশ।