কোচিং প্যানেল রদবদল

সিদ্ধান্ত হয় ইংল্যান্ডেই

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২০:৫৯

স্টিভ রোডস আর ছয়টা মাস সময় চেয়েছিলেন। তাহলে তিনি বাংলাটা শিখে ফেলতে পারবেন!

সময়টা পাবেন আশা করেই মাশরাফিদের সাথে ঢাকায় ফিরেছিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ। ফিরে প্রধান নির্বাচকের সাথে শ্রীলঙ্কা সফর নিয়ে বৈঠকও করেছিলেন। কিন্তু এর মধ্যেই তাকে জানিয়ে দেওয়া হয় যে, তার সাথে পারস্পরিক সমঝোতায় চুক্তি এক বছর আগে শেষ করে ফেলতে চায় বিসিবি।

গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানালেন, এই সিদ্ধান্তটা তারা ইংল্যান্ডে মিটিং করে গ্রহণ করেছেন। সেই সাথে জানালেন যে, বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও ফিজিও থিহান চন্দ্রমোহনের সাথেও তারা আর চুক্তি নবায়ন করছেন না। স্পিন কোচ সুনীল যোশি ও ফিল্ডিং কোচ রায়ান কুকের ব্যাপারে এখনো চিন্তাভাবনা চলছে। 

কোচদের বিদায়ের ব্যাখ্যা দিতে গিয়ে সুজন বলেছেন, ‘কোচদের ইন্টারেস্ট এবং আমাদের ইন্টারেস্টের মধ্যে সমঝোতা হলেই চুক্তি কনটিনিউ হয়। আপনারা জানেন অধিকাংশ কোচিং স্টাফের সঙ্গে আমাদের চুক্তির মেয়াদ এই বিশ্বকাপ পর্যন্তই ছিল। সেক্ষেত্রে বর্তমান যারা কোচিং স্টাফ আছে তাঁদের সঙ্গে কথা বলছি। ইতোমধ্যে দুই একজনের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে সেটা কনটিনিউ না করার সিদ্ধান্ত নিয়েছি।’

এর মধ্যে কে কে আর থাকছেন না, সেটাও পরিষ্কার করে বলে দিয়েছেন প্রধান নির্বাহী, ‘আপনারা ইতিমধ্যে জেনেছেন মিউচুয়াল সেপারেশনের মাধ্যমে আমাদের হেড কোচের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় আমরা সেটা আর কনটিনিউ করছি না। এর বাইরে দুই একজন কোচ, কোর্টনি ওয়ালশদের সঙ্গে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল। আমরা সেটাও কনটিনিউ করছি না। ফিজিও যে ছিল তাঁর সঙ্গেও আমরা কনটিনিউ করছি না।’

স্পিন কোচ ও ফিল্ডিং কোচের ব্যাপারে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলেই জানালেন সুজন, ‘স্পিন বোলিং কোচের সঙ্গে কথা হচ্ছে। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। ফিল্ডিং কোচের ব্যাপারে একই।’

এখন বিসিবি এই কোচদের সাথে বিদায়ি প্রক্রিয়াটা শেষ করছে বলে জানালেন সুজন, ‘আমাদের ফর্মালিটিসগুলো আমরা করছি। ওনার সঙ্গে আমাদের চুক্তির কনটিনিউ না করার কারণে আমরা মিচুয়াল সেপারেশনে গিয়েছি। এই কাজগুলোই আমরা করছি। অ্যাডমিনিস্ট্রিটিভ যে কাজগুলো আছে ঐগুলোই করছি।’

শ্রীলঙ্কা সফরের আগেই স্থায়ী কোচ নিয়োগ দেওয়াটা কঠিন হবে। তাই এই সময়ে দলের সাথে কাউকে যুক্ত করতে হলে সেটা বিসিবি করবে। সুজন বলেছেন, ‘এই মাসের শেষের দিকে শ্রীলঙ্কাতে একটা ট্যুর আছে। কোচিং স্টাফ যারা আছেন, এর বাইরে কাউকে সংযোজন করতে হলে সেটা আমরা আলোচনা করছি।’

নতুন কোচ খোঁজার ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী বললেন, তারা দ্রুতই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন, ‘আমাদের যারা এক্সিস্টিং কোচ আছে তাঁদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। তারা যদি আগ্রহী থাকে সেক্ষেত্রে আমাদের আগ্রহের ব্যাপার আছে। আবার আমাদের থাকলে তাঁদেরও আগ্রহের ব্যাপার আছে। এখনো এ নিয়ে কাজ করছি। কার সঙ্গে কাজ কাজ করব, কাকে রাখব; আসলে এখনই চূড়ান্ত করে বলা ঠিক হবে না। এই মাসের শেষের দিকে একটা বোর্ড মিটিং আছে। সম্ভবত আমরা চেষ্টা করব শ্রীলঙ্কা সিরিজের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য।’