প্রস্তুত হ্যান্ডসকম্ব

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২১:০০

এটা পিটার হ্যান্ডসকম্বের জন্য ভূতুড়ে একটা বছর পার হচ্ছে। বছরের শুরুতে টেস্ট দলে আবার ডাক পেয়েছিলেন। এরপর বাদ পড়লেন, আবার ডাক পেলেন এবং আবার বাদ পড়লেন। ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেন। অনেক রান করলেন। বিশ্বকাপটা দেখতে পাচ্ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে স্টিভেন স্মিথদের জায়গা করে দিতে বিশ্বকাপ স্কোয়াডে নাম থাকল না তার।

অবশেষে সেই বিশ্বকাপ স্কোয়াডে চলে এসেছেন হ্যান্ডসকম্ব। শন মার্শের বদলি হিসেবে এসেছেন দলে। আর এর ভেতর ভূতুড়ে কোনো ঘটনা না ঘটলে সরাসরি আগামীকাল সেমিফাইনাল খেলতে নেমে যাওয়ার কথা এই তরুণের। তার আগে বললেন, তিনি সেমিফাইনালকে সাধারণ একটা ম্যাচ হিসেবে দেখছেন। আর সুযোগ পেলে নিজের সেরা ক্রিকেটটা উপহার দিতে প্রস্তুত তিনি।

হ্যান্ডসকম্বকে বিশ্বকাপ দলের বাইরে রাখাটা নির্বাচকদের জন্য কঠিন ও কঠোর একটা সিদ্ধান্ত ছিল। সর্বশেষ ১২ ইনিংসে তিনি ৪৩.৫৪ গড়ে ৪৭৯ রান করেছিলেন। এর মধ্যে ভারতের মাটিতে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ওয়ানডে সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। কিন্তু ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরায় নির্বাচকদের কয়েকজনকে বাইরে রাখাটা দরকার হয়ে পড়ে। আর সেই কোপটা পড়েছিল হ্যান্ডসকম্বের ওপর।

যদিও অস্ট্রেলিয়া অনায়াসে এবং সবার আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল। কিন্তু টুর্নামেন্টে মাঝে মাঝেই অস্ট্রেলিয়ার মিডল অর্ডারকে নড়বড়ে মনে হয়েছে। সে সময় হ্যান্ডসকম্বের অনুপস্থিতি চোখেও লেগেছে।

এখন সেই হ্যান্ডসকম্বকে সেমিফাইনালের মতো চাপের ম্যাচের জন্য তৈরি হতে হচ্ছে। তিনি অবশ্য বলছেন ‘এমন সেমিফাইনাল’ তিনি অনেক খেলেছেন! মজা করে বলছিলেন, ‘আমি আসলে এরকম বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনাল আমাদের উঠানে বন্ধুদের সঙ্গে অনেক খেলেছি। আমি ঐ বয়সে বাকিদের চেয়ে নিজেকে একটু ভিন্ন ভাবতাম। যদিও কথাটা সেকেলে হয়ে গেছে, কিন্তু বাস্তবতা হলো, এই দলে ফেরাটা এমন একটা ব্যাপার, যেটা আমি স্বপ্নে দেখতাম।’

মজা ছেড়ে বাস্তবতা নিয়ে কথা বলতে গিয়ে হ্যান্ডসকম্ব বলছিলেন, তিনি সুযোগ পেলে ম্যাচ জেতানোর জন্য যা করা দরকার, তাই করতে তৈরি আছেন, ‘আমার মনে হয়, ব্যাপারটা হলো, আমার কাছে তখন দলের চাহিদাটা কী থাকবে। আর এটাকে আমার অন্য যে কোনো ম্যাচ হিসেবে বিবেচনা করতে হবে। গত কয়েক বছর ধরে আমি যেভাবে খেলেছি, সেই মানসিকতা নিয়েই মাঠে নামতে হবে। আশা করি, দলের জয়ের পথে ভালো কিছু করতে পারবো।’