ফুটবল সুপারস্টার নেইমার গত সোমবার প্যারি সেন জার্মেইর (পিএসজি) অনুশীলনে যোগ দেননি। তাতে করে ব্রাজিলের খেলোয়াড়টির বার্সেলোনায় যোগদানের গুজব আরো জোরদার হলো।
ফরাসি ক্লাবটি অবশ্য অনুপস্থিতির বিষয়টি আগেভাগে না জানানোয় নেইমারের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে জানিয়েছে। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘পিএসজি লক্ষ্য করছে নেইমার আগেভাগে ঠিক করা সময়ে ও স্থানে উপস্থিত ছিলেন না। এটা ক্লাবের অনুমতি ছাড়াই ঘটেছে। ক্লাবটি এ জন্য দুঃখিত এবং ফলশ্রুতিতে উপযুক্ত ব্যবস্থা নিবে।’
নেইমার বার্সেলোনায় ফিরছেন এমন জোর গুঞ্জনের মধ্যেই ব্যাপারটা ঘটলো। পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো গত সোমবার লা প্যারিসিয়েনকে বলেছেন তিনি জানেন না নেইমার কখন অনুশীলনে যোগ দেবেন এবং এটাও ‘সবার কাছে পরিষ্কার’ যে সে চলে যেতে চায়।
বর্তমানে ২৭ বছর বয়সি নেইমারের পিএসজির সাথে চুক্তিমতো আরো তিন বছর প্যারিসে থাকার কথা। লিওনার্দো জানিয়েছেন স্ট্রাইকারটির কাছ থেকে এখনো কোনো প্রস্তাব পায়নি পিএসজি। তবে বার্সেলোনার সাথে তাকে নিয়ে আলোচনা হয়েছে।
ব্রাজিল তারকা পিএসজির হয়ে ৩৭ খেলায় ৩৪ গোল করেছেন। ক্লাবটিকে টানা দুবার লিগ শিরোপা জয়ে নেতৃত্ব দেন তিনি। এ সময়ে তিনি অনেকবার গোড়ালির ইনজুরিতে পড়েন। এ কারণে বড়ো টুর্নামেন্টগুলোয় তাকে বেশি খেলাতেও পারেনি ক্লাব।
এর মধ্যে গেল মে মাসে ব্রাজিলও তার অধিনায়কত্ব কেড়ে নেয়।
বার্সেলোনা সভাপতি যোসেফ বার্তোম্যু বিবিসিকে বলেছেন, ‘আমরা জানি নেইমার পিএসজি ছাড়তে চায়। কিন্তু আমরা এও জানি পিএসজি নেইমারকে ছেড়ে দিতে চায় না।’ নেইমারের বাবা অবশ্য ফক্স স্পোর্টস ব্রাজিলকে বলেছেন তার পুত্র ও পিএসজি একমত হয়েছিল যে ১৫ জুলাই ফিরবে। যদিও ক্লাব এতে আপত্তি করেছিল।
একটি সূত্র অবশ্য লা প্যারিসিয়ানকে বলেছেন নেইমার ‘সহসাই’ পিএসজির অনুশীলনে ফিরবেন বলে আশা করছেন। লিওনার্দো বলেছেন, ‘সে ৬ জুন সর্বশেষ ম্যাচ খেলেছে। তার ছুটি ছিল ৮ জুলাই পর্যন্ত। কিন্তু সে আসেনি।’
উল্লেখ্য, ফরাসি ক্লাবটি মাত্র দুই বছর আগে ২২২ মিলিয়ন ইউরোয় বার্সেলোনা থেকে তারকা স্ট্রাইকারটিকে কিনে এনেছিল। কিন্তু তিনি এখন স্পেনে ফিরে যেতে উদগ্রীব এবং বার্সেলোনাও তাকে ফিরিয়ে নিতে প্রস্তুত। এর মধ্যে স্প্যানিশ গণমাধ্যম ডায়ারিও স্পোর্ট কদিন আগে দাবি করেছিল দুপক্ষ ইতিমধ্যে পাঁচ বছরের এক চুক্তিতে সম্মত হয়েছে। এই চুক্তির শর্তের মধ্যে আছে নেইমারের বেতন কমানোর বিষয়টিও।
