বিক্ষোভে উত্তাল শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। হাজারো বিক্ষোভকারীর স্লোগানে মুখর শাহবাগ, রাজু ভাস্কর্য, শহীদ মিনার, চানখারপুল এলাকা। শাহবাগ থেকে বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকায় ছাত্রলীগের নেতাদের কাউকে দেখা যায়নি।
ঘটনাস্থল থেকে সাংবাদিকরা জানান, দুপুর থেকে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কয়েকটি গ্রুপকে লাঠি, হকিস্টিক, রামদা হাতে কারওয়ানবাজার হয়ে বাংলামোটর-শাহবাগের দিকে এগোতে দেখা গেলেও সর্বশেষ বিকেল ৪টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় কয়েক হাজার আন্দোলনকারীরা অবস্থান করছেন।
বিকেল ৪টায় শাহবাগ থানা থেকে টিয়ারশেল নিক্ষেপের একটি গাড়ি নিয়ে বের করার চেষ্টা করেছিল পুলিশ। তবে আন্দোলনকারীদের তোপের মুখে গাড়িটি থানা থেকে বের হতে পারেনি।
সকাল ১০টা থেকেই শাহবাগ ও বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা। পৌনে ১১টার দিকে শাহবাগে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
