চন্দিকা হাতুরুসিংহে জানিয়েছেন বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর সরে দাঁড়াতে চাপ থাকা সত্ত্বেও তিনি শ্রীলঙ্কার ক্রিকেট কোচ হিসেবে থেকে যেতে চান।
শ্রীলঙ্কা এবারের বিশ্বকাপে ফেবারিট ছিল না এবং নয় দলের মধ্যে ষষ্ঠ হিসেবে শেষ করে। ক্রিকেটের সবচাইতে বড় এ আসরে তাদের জয় কেবল তিনটি। এর মধ্যে একটি ছিল বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষে থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে। এবারের আসরের আয়োজক ইংল্যান্ড শিরোপা জয়েও অন্যতম ফেবারিট।
বিশ্বকাপে হাতুরুসিংহের অধীনে শ্রীলঙ্কার যে পারফরমেন্স তাতে অসন্তুষ্ট দ্বীপদেশটির ক্রীড়া মন্ত্রী হারিন ফার্নান্দো। শ্রীলঙ্কার গণমাধ্যমে গত সোমবার খবর বেরিয়েছে যে এ কারণে হাতুরুসিংহকে পদত্যাগ করতে বলবেন ক্রীড়া মন্ত্রী।
হাতুরুসিংহে কলম্বোয় ফিরে বলেন যে তিনি আশা করেছিলেন দল আরো ভালো করবে। তবে এরপরও তিনি কোচ হিসেবে মেয়াদ শেষ করতে চান। তিনি বলেন, ‘আমার এখনো ১৬ মাস আছে। আমি চুক্তি শেষ না হওয়া পর্যন্ত থাকতে চাই।’
কোচের কাছে জানতে চাওয়া হয়েছিল শ্রীলঙ্কার ব্যর্থতার দায়দায়িত্ব তিনি নেবেন কিনা। জবাবে হাতুরু বলেন টিম ম্যানেজমেন্টের সবারই এ দায় নেওয়া উচিত। হাতুরুসিংহে বলেন, ‘যা ঘটেছে সে ব্যাপারে আমাদের সবার অবশ্যই দায় নেওয়া উচিত। আমি মনে করি আমরা আরো শ্রেয়তর নৈপুণ্য আশা করেছিলাম। আমাদের ভাবতে হবে। আমরা অবশ্যই এ থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাব। আমি মনে করি আমি নিজের সর্বোচ্চটাই দিয়েছি।’
বহুল প্রচারিত দৈনিক লঙ্কাদ্বীপায় ক্রীড়া মন্ত্রী বলেন, ‘প্রধান কোচ যদি পদত্যাগে অস্বীকৃতি জানান, আমরা তাকে বাধ্য করতে পারি না। তবে আমরা তার উপর আরেকজনকে নিয়োগ দিতে পারি।’
বাংলাদেশের সাবেক সফল এই কোচ ২০১৭ সালের ডিসেম্বরে যখন কোচ নিযুক্ত হন, সেইসময় শ্রীলঙ্কা ক্রিকেট সংকটের আবর্তে ছিল। ভারতের কাছে তারা টেস্টে দেশে ও বিপক্ষের মাঠে পর্যুদস্ত হয়েছিল। এছাড়াও বাজে খেলছিল ওয়ানডেতে। টাইমস অব ইন্ডিয়া।
