আগেও বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করেছিলেন খালেদ মাহমুদ সুজন। ২০১৮ সালের জানুয়ারিতে ঘরের মাঠে তার কোচিংয়েই শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেছিল বাংলাদেশ দল। বিশ্বকাপে ব্যর্থতার জের হিসেবে স্টিভ রোডসের অধ্যায় শেষ হয়ে গেছে। সামনেই শ্রীলঙ্কা সফর। এই স্বল্প সময়ে হেড কোচ পাওয়া কঠিন। আবারও টাইগারদের ইনচার্জ হিসেবে দেখা যেতে পারে খালেদ মাহমুদ সুজন। বোর্ড দায়িত্ব দিলে তা পালন করতে প্রস্তুত সাবেক এই অধিনায়ক। তবে এক সিরিজের জন্য দায়িত্ব পালনে অনীহা রয়েছে তার। আরেকবার ভারপ্রাপ্ত হিসেবে কাজ করার বিষয়ে জানতে চাইলে গতকাল সুজন বলেছেন, ‘আমারও চিন্তার বিষয়। বারবার এক সিরিজের জন্য ভারপ্রাপ্তের দায়িত্ব নিতে চাই না। সেটা আমার জন্য ঠিক হবে না।’ অবশ্য বিসিবি চাইলে যে কোনো সময় জাতীয় দলের হেড কোচের দায়িত্বভার গ্রহণে প্রস্তুত তিনি।
