ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে: ব্যারিস্টার মওদুদ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৭
বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, 'সরকারের মধ্যে একটি দুরভিসন্ধিমূলক আচরণ লক্ষ করছি। আমরা বারবার বলে আসছি নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে না পারি সেটাই সরকার ও নির্বাচন কমিশন চায়। বিএনপির নেতাকর্মীদেরকে আইন শৃঙ্খলাবাহিনী এখনও পর্যন্ত গ্রেফতার অব্যাহত রেখেছে। প্রতিনিয়ত নিরীহ লোকজন হয়রানী হচ্ছে। সম্ভাব্য এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে  গ্রেফতার ও নজরদারী করা হচ্ছে।
 
বিজ্ঞ এ আইনজীবী আরও বলেন, 'আমরা বরাবর বলে আসছি নির্বাচন কমিশন সরকারের লক্ষ্য বাস্তবায়ন করার জন্য কাজ করছে।' তিনি বিএনপির ৮১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল প্রসঙ্গে বলেন, 'আমরা আইনের আশ্রয় নেবো। হাইকোর্ট ডিভিশনে রিট দায়ের করে চ্যাঞ্জেল করা হবে।'
 
তিনি আরও বলেন,' আমরা আনুষ্ঠানিকভাবে বলিনি নিজেদের জন্য ও ঐক্য ফ্রন্টের জন্য কত আসন দেওয়া-নেওয়া হবে। কাকে কত আসন দেওয়া হবে শেষ মুুহূর্ত পর্যন্ত কথাবার্তা চলছে। ধানের শীষের জনপ্রিয়তার পাশাপাশি যদি প্রার্থীর জনপ্রিয়তা থাকে তাহলে আমরা তাকে অগ্রাধিকার দিব। যদি প্রার্থীর জনপ্রিয়তা থাকে আমরা প্রয়োজনে বেশি আসন দিব। বেশি আসন দিতে কোন সমস্যা নাই। প্রার্থী ঐক্য ফ্রন্টের হোক, জোটের হোক কিংবা বিএনপির হোক নির্ভর করবে তার জনপ্রিয়তার উপর।'
 
মওদুদ আরও বলেন, 'ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। যদি সরকার গ্রেফতার বন্ধ করে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়। তাহলে সারাদেশে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে। কোনো দল সন্ত্রাসীর আশ্রয় নিবে না। প্রতিপক্ষের প্রতি আমার নিবেদন থাকবে সম্মানজনক ও শান্তিপূর্ণ নির্বাচন করুন। কোনো ধরণের সরকারী প্রভাব ছাড়া পুলিশ প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে।'
 
তিনি সোমবার দুপুর ২টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা মানিকপুরস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি হাসনা জীসম উদ্দিন মওদুদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহছান উল্যাহ মানিক, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপির নেতা ফিরোজ আলম, শাহজাহান, পৌর যুবদলের সভাপতি শওকত হোসেন সগীর, ছাত্রনেতা আতোয়ার হোসেন পাবেল, এরশাদ আহমদ প্রমুখ।
 
ইত্তেফাক/নূহু