আজও গণভবনে ঢুকছেন সাধারণ মানুষ

আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৪:৩৯

গণভবনের মূল দরজা সোমবার (৫ আগস্ট) খোলা থাকলেও আজ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ভাঙা দেওয়াল টপকে আজও গণভবনে ঢুকতে দেখা গেছে সাধারণ মানুষকে। 

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে সরেজমিনে দেখা যায়, দেশের প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ সরকারি বাসভবনের ভিন্ন চেহারা। বাসভবনটির সামনে নিরাপত্তা বাহিনী বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা ব্যাটালিয়ন (এসপিবিএন) এর কোনো সদস্য উপস্থিত নেই। সে জায়গায় দাঁড়িয়ে আছেন সাধারণ মানুষ। 

তবে গণভবনের মূল ফটক বন্ধ। সেখানে রয়েছেন সেনা সদস্যরা। তবে মূল গেইটের উত্তর দিকের দেওয়াল গতকাল ভেঙে ফেলে হয়েছে। আজ সে অংশ দিয়েই পায়ে হেঁটে গণভবনে প্রবেশ করছেন হাজার হাজার মানুষ। 

এক দর্শনার্থী গণমাধ্যমকে বলেন, গণভবন তো কখনও ভেতরে গিয়ে দেখিনি। এখন সুযোগ পেলাম। তাই দেখতে এসেছি। অনেকেই এভাবে গণভবনের ভেতরের অংশ দেখতে আসছেন। পুরুষের পাশাপাশি দর্শনার্থীদের সারিতে দেখা গেছে নারী ও শিশুদেরও। 

উল্লেখ্য, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তুমুল গণআন্দোলনে পদত্যাগ করে দেশ ছাড়ার মধ্য দিয়ে সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়েছে। সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে তিনি দেশ ছাড়েন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ৩৬ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পর দেশজুড়ে সংঘাত আর তিন শতাধিক মানুষের মৃত্যুর মধ্যে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হলো।

ইত্তেফাক/এআই