যশোর-খুলনা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২১:৫৯

যশোর-খুলনা মহাসড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সড়ক প্রশস্তকরণ কাজ শেষ হয়েছে। খুঁটিগুলোকে ঘিরেই নতুন কার্পেট সড়ক সম্পন্ন হয়েছে।

জানা গেছে, যশোর বেনাপোল থেকে রাজঘাট শেষ সীমানা পর্যন্ত স্থানীয় মহাসড়কটির প্রশস্তকরণের কাজ শেষ হয়েছে, যার বেশকিছু উল্লেখযোগ্য জায়গায় বৈদ্যুতিক খুঁটি রয়েছে। প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে এ সড়ক দিয়ে। কিন্তু রাস্তার বিদ্যুতের খুঁটিগুলো ধীরে ধীরে হেলে পড়ছে। এতে নূরবাগ মোড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো মুহূর্তে।

গড়াই বাসের চালক গফুর বলেন, নুরবাগ রাস্তার ওপর আধা কিলোমিটারের মধ্যে ১৭টি বিদ্যুতের খুঁটি থাকায় এখানে এসে গাড়ির গতি কমিয়ে দিতে হয়। পর্যাপ্ত আলো না থাকায় রাতে চলাচলে ঝুঁকি বেড়ে যায়। ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটির কারণে যান চলাচলে বিঘ্নসহ নানা দুর্ঘটনার আশঙ্কা করছেন এ সড়কে চলাচলকারী জনসাধারণসহ যানবাহনের চালকরা।

যশোর পল্লী বিদ্যুত্ সমিতি-২ জোনের ডিজিএম আব্দুল্লাহ আল মামুন জানান, সংশ্লিষ্ট কেউ খুুঁটি অপসারণের জন্য কোনো আবেদন করেনি, আর এ বিষয়ে আমার কিছু জানা নেই।