মুলাদীতে সড়ক সংস্কারের দাবিতে মঙ্গলবার মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গফুর মল্লিক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মুলাদী বেলতলা কেন্দ্রীয় ঈদগা থেকে গার্লস স্কুল সংযোগ সড়কে মানববন্ধন করে। এসময় শিক্ষক-শিক্ষার্থীরা সড়কে জমে থাকা পানিতে বড়শি ফেলে প্রতীকী মাছ ধরে ক্ষোভ প্রকাশ করেন।
পরে শিক্ষার্থীরা সড়ক সংস্কারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেয়। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিদারুল আহসান খান জানান, ১৯৯৫ সালে মুলাদী কেন্দ্রীয় ঈদগা থেকে গফুর মল্লিক বালিকা মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক সংস্কার করা হয়। এরপর গুরুত্বপূর্ণ সড়কটি নির্মাণ কিংবা সংস্কার করা হয়নি। সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিদ্যালয়ের ৬ শতাধিক শিক্ষার্থী সড়কের কাদাপানি পেরিয়ে যাওয়া-আসা করে।
প্রধান শিক্ষক মো. এনায়েত হোসেন জানান, বর্ষার শুরুতে ভাঙা সড়কের খাদে পড়ে ইতিমধ্যে কয়েকজন ছাত্রী আহত হয়েছে। সড়কের খাদে পানি জমে থাকার কারণে ছাত্রীদের উপস্থিতি দিন দিন কমছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপি বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মুলাদী পৌরসভার মেয়রের কাছে পাঠানো হয়েছে।
পৌর মেয়র মো. শফিক উজ্জামান রুবেল বলেন, সড়কটির নির্মাণ কাজ চলছে; কিন্তু গফুর মল্লিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তায় নামিয়ে মানববন্ধন করিয়ে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হচ্ছে।
