প্যারিস অলিম্পিক

পুরুষদের পর এবার নারী হকিতেও স্বর্ণ জয় নেদারল্যান্ডসের

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১৯:০৫

অলিম্পিক হকি ইতিহাসে একই আসরে পুরুষ ও নারী দুই বিভাগে স্বর্ণ জয়ের অনন্য কৃতিত্ব দেখিয়েছে নেদারল্যান্ডস। জার্মানিকে হারিয়ে পুরুষ দলের স্বর্ণ জয়ের একদিনের মধ্যে বৃহস্পতিবার (৯ আগস্ট) ডাচ নারীরা চীনকে পেনাল্টি শ্যুট আউটে ৩-১ গোলে পরাজিত করে অলিম্পিকের শিরোপা জয় করেছে।

এনিয়ে টানা ষষ্ঠ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল নেদারল্যান্ডস। এর মধ্য পঞ্চম স্বর্ণ জয়ের পথে চীন তাদেরকে ভালোই মোকবিলা করেছে। নির্ধারিত সময়ের ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। ছয় মিনিটে চেন ই’র গোলে এগিয়ে যায় চীন। প্রথমবারের মত স্বর্ণ জয়ের আশায় মাঠে নামা চীনকে এরপর নেদারল্যান্ডসের প্রচণ্ড চাপের মুখে খেলতে হয়েছে। 

ম্যাচ শেষের নয় মিনিট আগে পেনাল্টি কর্নার থেকে ইব্বি জানসেন ডাচদের সমতায় ফেরান। টুর্নামেন্টে এটি জানসেনের নবম গোল। এরপর শুট আউটে ডাচ গোলরক্ষক আন্দে ভিনেনডাল চায়নার দুটি শট রুখে দেন। নেদারল্যান্ডস তাদের তিনটি গোল করার পর চীনের মা নিংয়ের শট রুখে দিয়ে ভিনেনডাল নেদারল্যান্ডসকে স্বর্ণ পদক উপহার দেন।

ডাচ কোচ পল ফন অস বলেছেন, ‘এটা দুর্দান্ত ছিল। চাইনিজরা দুর্দান্ত খেলে শুরুতেই গোল আদায় করে নিয়েছিল। তাদের রক্ষণভাগ ভাঙ্গা খুবই কঠিন ছিল। আমরা শুরু থেকেই আক্রমণাত্মক ছিলাম। শুধুমাত্র পেনাল্টি কর্ণারগুলোকে ঠিকভাবে কাজে লাগাতে পারিনি।’

ইত্তেফাক/জেডএইচ