রংপুর বিভাগের প্রথম অর্থনৈতিক অঞ্চল হচ্ছে দিনাজপুরে

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২২:০৫

রংপুর বিভাগের মধ্যে প্রথম অর্থনৈতিক অঞ্চল হতে যাচ্ছে দিনাজপুরে। দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন মৌজায় এই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় প্রস্তাবিত ৩০০ একর জমির মধ্যে সোমবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) ৮৭ একর হস্তান্তর করেছে দিনাজপুর জেলা প্রশাসন।

সোমবার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম ৮৭ একর জমির দলিল হস্তান্তর করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের উপব্যবস্থাপক আবু লাহেলের কাছে। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জয়নুল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. মাহফুজুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেন, দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন গ্রামে মোট ৩০৮ একর জমির ওপর অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে। এর মধ্যে প্রথমপর্যায়ে ৮৭ একর জমি নামমাত্র মূল্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে হস্তান্তর করা হলো। বন্দোবস্ত এসব জমি জেলা প্রশাসনের খাস জমি।

তিনি জানান, বাকি ২২১ একর জমি অধিগ্রহণযোগ্য। এই অধিগ্রহণযোগ্য জমির ওপর ঘরবাড়ি/স্থাপনা ও গাছ থাকায় তা স্থাবর সম্পত্তি। শিগগিরই ওই ২২১ একর জমি অধিগ্রহণ করে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে হস্তান্তর করা হবে।

জমির দলিল গ্রহণ করে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের উপব্যবস্থাপক আবু লাহেল জানান, রংপুর বিভাগে মোট নয়টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে দিনাজপুরেই প্রথম অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য জমি বন্দোবস্ত হলো। তিনি বলেন, সম্পূর্ণ জমি বন্দোবস্ত হওয়ার পর এখানে প্রথমে স্থাপনা নির্মাণ করা হবে। এরপর শিল্প কল-কারখানা প্রতিষ্ঠা করে এটি চালু করা হবে। এজন্য দুই থেকে আড়াই বছর সময় প্রয়োজন হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর দিনাজপুরে এক নির্বাচনী জনসভায় দিনাজপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দেন।