সিরাজগঞ্জে ফের বাড়ছে যমুনার পানি

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১৩:০৩

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীর আবারও পানি বাড়ছে। গত চারদিন ধরে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। 

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, যমুনা নদীর সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ পয়েন্টে রোববার (১১ আগস্ট) সকালে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮৩ মিটার। এ পয়েন্টে ২৪ ঘন্টায় পানি বেড়েছে ১২ সেন্টিমিটার। এতে যমুনার পানি বিপৎসীমার ১০৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

অন্যদিকে কাজীপুর যমুনা নদীর মেঘাই ঘাট পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪০ মিটার। এ পয়েন্টে ২৪ ঘন্টায় পানি বেড়েছে ১১ সেন্টিমিটার। এতে মেঘাই ঘাট পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ১৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

যমুনায় পানি বাড়ার বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী রনজিৎ কুমার সরকার জানান, গত চারদিন ধরে সিরাজগঞ্জে যমুনার দুটি পয়েন্টেই পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আগামী ৫-৭দিন যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে এসময়ে বন্যার আশঙ্কা নেই।

ইত্তেফাক/এসজেড