কুষ্টিয়ায় মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২২:০৫

কুষ্টিয়ার মিরপুর থানার মাদক মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের আসাদুলের দুই ছেলে মো. মান্নান ও আনিছুর রহমান এবং একই গ্রামের সামাদ আলীর ছেলে আব্দুস সালাম। 

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর কুষ্টিয়া ডিবি পুলিশের একটি দল জেলার মিরপুর থানার তাঁতিবন্ধ চারমাইল এলাকার কুষ্টিয়া-মেহেরপুর সড়কে তিন চাকাবিশিষ্ট আলগামন গাড়ি আটক করে তল্লাশি চালায়। এ সময় গাড়িতে বিশেষ কায়দায় রাখা ১৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় গাড়ির চালক ও দুইজন আরোহীকে আটক করে জব্দকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিরপুর থানায় মামলা হয়।