কিশোরগঞ্জের ভৈরবে গাছ কাটাকে কেন্দ্র করে দুই ভাতিজা মিলে এলোপাতাড়ি কুপিয়ে চাচা দুলাল মিয়াকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহর চরে সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ফেরাতে গেলে নিহতের বড়ো ছেলে মিজানকে কুপিয়ে আহত করা হয়। খবর পেয়ে পুলিশ নিহত দুলাল মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, গাছ কাটাকে কেন্দ্র করে সোমবার বিকালে চাচা দুলাল মিয়ার সঙ্গে দুই ভাতিজা বাছির মিয়া ও আক্তার মিয়ার কথা কাটাকাটি হয়। এরই জেরে রাতে বসতঘরের পেছনে দুলাল মিয়াকে একা পেয়ে হামলা চালায় দুই ভাতিজা। পরে স্থানীয়রা দুলাল মিয়াকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এদিকে ঘটনার পর থেকে দুই ভাতিজা বাছির মিয়া ও আক্তার মিয়া গা-ঢাকা দিয়েছে।
ভৈরব থানার ওসি মো. মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
