বিটিআরসিতে বিক্ষোভ, চেয়ারম্যানের পদত্যাগ দাবি

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১৮:০৫

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে কর্মকর্তা-কর্মচারীরা। আজ রোববার সকাল থেকেই বিটিআরসির বিভিন্ন পর্যায়ের একদল কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ শুরু করেন। তারা বলছেন, কোনো লেজুড়বৃত্তি, সিন্ডিকেট চলবে না। তারা বৈষম্যের শিকার বলে দাবি করছেন।

ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বিটিআরসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান আমিনুল হকের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেছেন। তবে এদিন চেয়ারম্যান কার্যালয়ে আসেননি এবং ভাইস চেয়ারম্যান মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে বৈঠকে ছিলেন। 

পাশাপাশি বিটিআরসির চেয়ারম্যানের একান্ত সচিব আমজাদ হোসেন এবং ইঞ্জিনিয়ারিং ও অপারেশন্স বিভাগের উপ-পরিচালক মাহদী আহমদের বিচার চেয়েছেন বিক্ষোভকারীরা। তাদেরও পদত্যাগ দাবি করা হচ্ছে।

বিটিআরসি কমিশনার মুশফিক মান্নান গণমাধ্যমকে বলেন, বিক্ষোভকারীরা বৈষম্যের শিকার হয়েছেন বলে দাবি তুলেছেন। বিষয়গুলো দেখার চেষ্টা করা হবে।

ইত্তেফাক/জেডএইচডি