শিক্ষার্থীদের দেখে গাঁজার বস্তা ফেলে দৌড়ে পালালো মাদক কারবারি

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১৩:৪০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী এত অভিযানে ৯ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 

রোববার (১১ আগস্ট) সন্ধ্যায় জয়মনিরহাট ইউনিয়নের বটতলা ক্লাবের দক্ষিণে কাঁচা রাস্তার উপর হতে এসব মাদকদ্রব্য উদ্ধার করে তারা।

ছাত্ররা জানায়, সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে জয়মনিরহাট ক্লাব মোড়ে ছোটখাটামারী রাস্তায় ব্রিজের পাশে অবস্থান নেন তারা। এসময় বস্তা মাথায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আসতে দেখে। এসময় শিক্ষার্থীদের অবস্থান দেখে গাঁজার বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায় মাদক বহনকারী। 

পরে জয়মনিরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ময়েন উদ্দিনের সহায়তায় উদ্ধারকৃত মাদক ও একটি মোবাইল ফোন থানায় এনে জমা দেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত বস্তা থেকে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজা পাওয়া গেছে। এ বিষয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। তিনি ছাত্রদের এ অভিযানকে স্বাগত জানান।

ইত্তেফাক/এসজেড