চলতি বছরে সবগুলো টেস্ট খেলবেন সাকিব 

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১৪:৪২

বরাবরই টেস্ট ক্রিকেটে অনীহা ছিল সাকিব আল হাসানের। গত ৬ বছরে মাত্র ১৬টি টেস্ট খেলেছেন এই তারকা অলরাউন্ডার। এমনকি টেস্ট ম্যাচ আসলে বিশ্রামের কথা বলে ম্যাচ না খেলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। চলতি বছরে ৮টি টেস্ট ম্যাচ রয়েছে বাংলাদেশ দলের। যার সবগুলোই সাকিব খেলবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

সোমবার (১২ আগস্ট) গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাচক। এ সময় তিনি বলেন, ‘আমরা যে আটটি টেস্ট ম্যাচ খেলব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ডিসেম্বরে যা শেষ হবে তিনি (সাকিব) সবগুলোতেই অ্যাভেইলেবল থাকবেন। তিনি নিয়মিতভাবেই অনুশীলন সেশনে আসবেন। অনুশীলন সেশনে খেলোয়াড়, বিদেশি কর্মকর্তা সবারই নিরাপত্তার একটা ব্যাপার থাকবে। বর্তমান পরিস্থিতির আলোকে সেটা দেশকে নিশ্চিত করতেই হবে। সাকিব দেশের একজন শীর্ষ খেলোয়াড়।’ 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

আসন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা পেয়েছেন সাকিব। এ প্রসঙ্গে লিপু বলেন, ‘সাকিব যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন আমরা তাকে নিয়ে ভেবেছি। তার সিলেকশানটা হয়েছে তার খেলার মেধার উপরে। সেক্ষেত্রে যা আমরা সবসময় করি সেটাই করেছি। প্রত্যেকটা প্লেয়ার যেভাবে সুযোগ পায় তিনিও সেভাবে পেয়েছেন। আমি যদি সিলেকশান প্যানেলে থাকি আমরা সবসময় মেধাটাকেই গুরুত্ব দেব।’ 

ইত্তেফাক/জেডএইচ