চারঘাটে তিন প্রতারক আটক

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২২:০৮

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে অফিস সহকারী পদে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার সময় প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় সারদা পুলিশ একাডেমির গেটের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় একটি ভুয়া নিয়োগপত্রসহ দেড় লাখ টাকা।

আটককৃতরা হলেন— কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ফজলুল হকের ছেলে রিপন আহম্মেদ, একই এলাকার বকুল শেখের ছেলে শাহিন আলী এবং নওগাঁর বদলগাছী উপজেলার আবুল হোসেনের ছেলে ফিরোজ আহম্মেদ।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাজশাহী মহানগরীতে বসবাসকারী কুষ্টিয়ার কুমারখালী এলাকার বাসিন্দা ছলিম উদ্দিনের ছেলে বেলাল হোসেনকে পুলিশ একাডেমি সারদায় অফিস সহকারী পদে চাকরি দেওয়ার কথা বলে দুই লাখ টাকা চুক্তি করে প্রতারক চক্রটি। দশ দিন আগে ৫০ হাজার টাকা গ্রহণ করে তারা। এরপর সোমবার নিয়োগপত্র নিয়ে বাকি দেড় লাখ টাকার জন্য পুলিশ একাডেমির সামনে ডাকে বেলালকে।

বেলাল পুলিশ একাডেমির গেটের সামনে আসলে নিয়োগপত্র দেখে সন্দেহ হয়। প্রতারকদের সঙ্গে বেলালের তর্কবির্তক দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। পরে পুলিশ গিয়ে ভুয়া নিয়োগপত্র ও দেড় লাখ টাকাসহ তিন প্রতারককে আটক করে। এসময় পালিয়ে যায় প্রতারক চক্রের মূল হোতা যশোরের কালাম। এ বিষয়ে বেলাল হোসেন বাদী হয়ে চারঘাট মডেল থানায় একটি মামলা করেন।