ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে কংগ্রেস নেতা এবং সংসদ সদস্য শশী থারুর বলেছেন, প্রতিবেশী দেশে (বাংলাদেশ) ক্ষমতার পালাবদল ভারতের জন্য কোনোভাবেই উদ্বেগের বিষয় নয়। গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হওয়ার পর ভারত সরকার তাকে আশ্রয় দেওয়ায় দিল্লির প্রশংসা করেছেন কংগ্রেস নেতা।
সোমবার (১২ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এই বর্ষীয়ান কংগ্রেস নেতা এমন মন্তব্য করেন।
শশী থারুরের কাছে সাংবাদিক জানতে চান, বাংলাদেশের উন্নয়ন কীভাবে ভারতের সঙ্গে দেশটির সম্পর্ককে প্রভাবিত করে? জবাবে তিনি বলেন, আমাদের মৌলিক স্বার্থ বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ যা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে নিহিত। আমাদের মৌলিক প্রতিশ্রুতি বাংলাদেশের জনগণের মঙ্গল কামনা করা। সম্পর্কের প্রশ্নে রাষ্ট্র দ্বিতীয় এবং নেতৃত্ব তৃতীয় অবস্থানে রয়েছে। আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে আছি, যেমনভাবে ১৯৭১ সালে তাদের সাথে ছিলাম। ভালো এবং খারাপ মুহূর্তে আমরা তাদের সাথে আছি। তাদের সরকার যদি আমাদের জন্য বন্ধুত্বপূর্ণ নাও হয় তবুও আমরা বাংলাদেশের জনগণের সাথে আছি। ভবিষ্যতেও এই সম্পর্কের অবনতি হওয়া উচিত নয়।
শশী থারুর আরও বলেছেন, আমরা যদি তাকে সাহায্য না করতাম, তাহলে তা ভারতের জন্য অসম্মানের হতো। আমরা যদি আমাদের বন্ধুর সঙ্গে সদয় আচরণ না করতাম, তাহলে ভবিষ্যতে আর কেউ আমাদের বন্ধু হতে চাইতো না।
এ ছাড়া তিনি বলেন, শেখ হাসিনা ভারতের বন্ধু আর ভারতকে শেখ হাসিনার বন্ধু। যখন বন্ধু বিপদে পড়ে, তখন তাকে সাহায্য করার আগে দ্বিতীয়বার চিন্তা করতে হয় না। তাদেরকে সাহায্য করতে হয়, নিরাপত্তা দিতে হয়। ভারত ঠিক সেটাই করে দেখিয়েছে। আমরা কিছু মানদণ্ড মেনে কাজ করি। আমাদের সরকার তাকে এখানে এনে, নিরাপত্তা দিয়ে সঠিক কাজটিই করেছে।
