বেসিসের উদ্যোগে তৃতীয় বারের মতো আয়োজিত হতে যাচ্ছে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস। এই আয়োজন থেকে প্রাপ্ত বিজয়ীদের অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের প্রতিযোগী হিসেবে মনোনীত করা হবে। এ বছর অ্যাপিকটা অ্যাওয়ার্ডস আগামী ১৮ থেকে ২৩ নভেম্বর ২০১৯ খ্রি. ভিয়েতনামের হা লং বেতে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে গতকাল বেসিস মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন হয়। এতে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ, সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান, বেসিস পরিচালক এবং বেসিস আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯-এর আহ্বায়ক দিদারুল আলম।
বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস সম্পর্কে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের মাধ্যমে আমরা সারাদেশের উদ্ভাবনী এবং সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি প্রকল্পগুলোকে বাছাই করি এবং উত্সাহ প্রদান করার লক্ষ্যে পুরস্কার প্রদান করি। বিভিন্ন ক্যাটাগরির প্রকল্পগুলো আমাদের তথ্যপ্রযুক্তি খাতের বিস্তৃত সম্ভাবনাগুলোই তুলে ধরছে। মনোনীত প্রকল্পগুলো অ্যাপিকটা অ্যাওয়ার্ডে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতাও তুলে ধরছে।
বেসিস আইসিটি অ্যাওয়ার্ড সম্পর্কে আহ্বায়ক দিদারুল আলম বলেন, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডের লক্ষ্য হলো— ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যক্তি, ছাত্র, উদ্যোক্তা, এসএমই এবং বাংলাদেশে পরিচালিত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের অসাধারণ কৃতিত্বের জন্য স্বীকৃতি প্রদান করা। এ লক্ষ্যে বাংলাদেশ থেকে প্রকল্প জমা নেওয়া হচ্ছে, প্রাথমিক প্রকল্প জমা দেওয়া যাবে ১৮ জুলাই ২০১৯ খ্রি. পর্যন্ত।
প্রকল্প জমা দিতে ভিজিট করুন: https://bnia.basis.org.bd/apply-now
