দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই ইসলামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১৯:৪৩

জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে কার্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্র, কম্পিউটারসহ আসবাবপত্র সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি রোববার দিবাগত সোমবার (১২ আগস্ট) রাতে ঘটে।

স্থানীয়দের তথ্যমতে, গভীর রাতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হঠাৎ আগুন লাগতে দেখে তারা নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র, কম্পিউটার ও প্রয়োজনীয় সব কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।

বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, 'পরিষদে কোনও বৈদ্যুতিক সংযোগ নেই। আগুনের খবর পেয়ে দ্রুত পরিষদে আসি। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও কার্যালয়ের সবকিছুই পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, প্রতিহিংসা থেকে দুর্বৃত্তরা এ আগুন লাগিয়েছে।'

ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, 'খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।'

ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার জানান, 'বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা শুনেছি। তবে এখনো কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

ইত্তেফাক/টিএইচ