নাটোরে সেনাবাহিনীকে দেখে ১১টি বাইক রেখে পালালো দুর্বৃত্তরা 

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ২১:৫২

নাটোরের নলডাঙ্গায় লুটের উদ্দেশে ১১টি মোটরসাইকেল নিয়ে গ্রামবাসীর ওপর আক্রমণের চেষ্টা করে একদল দুর্বৃত্ত। পরে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় তারা।

রোববার (১১ আগস্ট) দুপুরে উপজেলার পচারমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নলডাঙ্গা থানা পুলিশের ওসি মনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার দুপুরে ২০ থেকে ২২ জনের একটি দল পচারমোড় এলাকায় আগ্নেয়াস্ত্রসহ গ্রামবাসীর ওপর আক্রমণের চেষ্টা চালায়। এ সময় এলাকাবাসী সেনাবাহিনী টহল দলকে বিষয়টি জানালে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে সশস্ত্র দল ১১টি মোটরসাইকেল রেখে দৌড়ে পালিয়ে যায়। মোটরসাইকেল মালিকদের চিহ্নিত করতে কাজ চলছে।

এ সময় সন্ত্রাসীদের রেখে যাওয়া মোটরসাইকেলগুলো জব্দ করে থানায় হস্তান্তর করে সেনাবাহিনীর সদস্যরা। 

ইত্তেফাক/এসএএস