জিসিএ সম্মেলন

ঢাকায় জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন ও মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২২:১৬

 ‘ঢাকা মিটিং অব দ্য গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন (জিসিএ)’—শীর্ষক সম্মেলনে যোগ দিতে গতকাল মঙ্গলবার ঢাকায় এসে পৌঁছেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। গতকাল সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বুধবার তিনি জিসিএ সম্মেলনে যোগ দেবেন। জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন এর আগে ২০১১ সালে জলবায়ু বিষয়ক এক সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন।

অন্যদিকে একই সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে ঢাকা এসে পৌঁছেছেন মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ড. হিলদা হেইনি। গতকাল সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশটির প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে একদিনের এই সম্মেলন উদ্বোধন করবেন। এতে জিসিএর বর্তমান সভাপতি বান কি মুন ‘ওয়ে ফরওয়ার্ড অ্যান্ড নেক্সট স্টেপ টুওয়ার্ডস ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন’—শীর্ষক অধিবেশনে বক্তব্য রাখবেন। উদ্বোধনী অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই হোটেলে মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট এবং জাতিসংঘের সাবেক প্রধানের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে জলবায়ু সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন-বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, গ্লোবাল কমিশন ফর অ্যাডাপটেশন সেন্টারের সিইও ড. পেট্রিক ভি ভারকোইজেন, ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের নির্বাহী সহ-সভাপতি এবং ব্যবস্থাপনা পরিচালক মনিশ বাপনা, সিজিএ কমিশনার এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক মোহাম্মদ মুসা প্রস্তুতি বৈঠকে উপস্থিত থাকবেন। বিকালে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে বৈঠকে মিলিত হবেন মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট। জিসিএ বৈঠকের পরে আজ বিকালে ড. হিলদা হেইনি এবং বান কি মুনের কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প এবং খুরুসকূল বিশেষ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনের কথা রয়েছে। ড. হিলদা আগামীকাল বৃহস্পতিবার ভোরে ঢাকা ত্যাগ করবেন।