দুদক কর্মকর্তাদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান চেয়ারম্যানের

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২২:২২

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। গতকাল মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে অফিসের নিরাপত্তা, অফিস শৃঙ্খলা ও অফিসিয়াল আচরণ শীর্ষক প্রশিক্ষণ কোর্সে তিনি কমিশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে এ আহ্বান জানান।

দুদক চেয়ারম্যান আরো বলেন, দুদক কর্মকর্তাদের আচার-আচরণ এবং চলন-বলন হবে এমন যাতে তাদেরকে মানুষ সমাজের রোল মডেল মনে করে। তাই এসব বিষয়ে ন্যূনতম শৈথিল্য সহ্য করা সমীচীন হবে না। তিনি বলেন, অনুসন্ধান ও তদন্ত একটি জটিল প্রক্রিয়া এবং কোনো কোনো ক্ষেত্র কঠোর হতে হয়। তারপরও অভিযোগ সংশ্লিষ্টদের কোনো প্রকার আইনি অধিকার ক্ষুণ্ন করা যাবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সকলের দায়িত্ব। দুদক কর্মকর্তাদের উদ্দ্যেশে তিনি আরো বলেন, সততা, স্বচ্ছতা এবং দক্ষতার সঙ্গে অফিস ব্যবস্থাপনাসহ সকল প্রকার কার্যক্রম পরিচালনা করতে হবে।