আদমদীঘিতে ট্রেন-ট্রাক্টর সংঘর্ষ

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২২:২৪

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম স্টেশনের রেলগেট এলাকায় ট্রেন ও ধানবোঝাই ট্রাক্টরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অল্পের জন্য রক্ষা পেয়েছে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেন ও ট্রেনের যাত্রী। মঙ্গলবার দুপুর দুটার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাক্টর চালক পালিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক দুটার দিকে চিলাহাটি থেকে খুলনাগামী ৩২ ডাউন রকেট মেইল ট্রেনটি ছাতিয়ানগ্রাম স্টেশন পার হয়ে এসে স্টেশনের দক্ষিণ দিকে রেলগেট অতিক্রম করার সময় ছাতিয়ানগ্রাম বাজার থেকে আসা ধানবোঝাই একটি ট্রাক্টর রেলগেট অতিক্রম করতে চেষ্টা করে। এ সময় ট্রেনের ইঞ্জিনের সাথে ট্রাক্টরের পিছনের অংশের ধাক্কা লাগলে ট্রাক্টরটি পাশের রাস্তার ওপর ছিটকে পড়ে। ট্রাক্টরে থাকা শতাধিক বস্তা ধান পাশের খাদে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। ঘটনার পর ছাতিয়ানগ্রাম-আদমদীঘি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় জনগণের সহয়তায় রাস্তা পরিষ্কার করা হলে প্রায় একঘণ্টা পর ঐ রাস্তায় যানবাহন চলাচল শুরু হয়। ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক আবু বলেন, ছাতিয়ানগ্রাম রেলগেটে গেটম্যানের জন্য ঘড় নির্মাণ ও প্রতিবন্ধকতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হলে সেখানে কোনো গেটম্যান নিয়োগ দেয়া হয়নি।