রাজশাহীতে বাস চাপায় স্কুলশিক্ষক নিহত

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২২:২৫

রাজশাহীর পবায় বাসচাপায় স্কুল শিক্ষক আব্দুল হালিম (৩২) নিহত হয়েছেন। তিনি মোহনপুর উপজেলার দেওয়ান বেড়াবাড়ি এলাকার মৃত এবারত আলীর ছেলে ও কসবা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পবা উপজেলার হরিপুর ইউনিয়নের দর্গাপাড়া মোড়ের রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিহত শিক্ষক আবদুল হালিম মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলেন। পথে হরিপুর দর্গাপাড়া মোড়ের কাছে একটি বাসের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ্ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।