চাঁদপুরে বাসচাপায় প্রাণ গেল শিক্ষার্থীর

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ২০:২৩

চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলায় বাসচাপায় নাইম হোসেন (২৪) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। 

বুধবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলা বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নাঈম হোসেন চাঁদপুর শহরের ব্যাংক কলোনির মনু গাজীর ছেলে। তিনি চাঁদপুর সরকারি কলেজের সোশ্যাল সাইন্স অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মিলন জানান, বাকিলা বাজারের বাস স্ট্যান্ড এলাকায় সড়কের দক্ষিণপাশে একটি তুলাবাহী ট্রাক পার্কিং করা ছিল। ট্রাকের পেছনে নাঈম মোটরসাইকেল নিয়ে ওভারটেকিং করতে গেলে তার সামনে হঠাৎ করে একটি কুকুর দৌঁড় দেয়। এ সময় তিনি সড়কে ছিটকে পড়েন।
তখন কুমিল্লাগামী বিপরীত দিক থেকে আসা আইদি পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন নাঈম।

বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে এসে দেখি একজনের লাশ সড়কের ওপর পড়ে আছে। এ সময় স্থানীয়রা আইদি পরিবহনের বাসটি ও নিহতের মোটরসাইকেলটিকে জব্দ করে। 

নিহতের পরিবারের সদস্য সুমন জানান, নাঈম সকালে স্ত্রী সুমিকে নিয়ে হাজীগঞ্জের কাঠালি আসেন। স্ত্রীকে তার তার বাবার বাড়িতে পৌঁছে দিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ গণমাধ্যমকে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত দেওয়া হচ্ছে। অনুমোদন পেলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। 

ইত্তেফাক/এসএএস