বানারীপাড়ায় অভাবের তাড়নায় নিজ সন্তানকে বিক্রি করে দিলেন এক মা। ৪০ হাজার টাকায় নিজ সন্তানকে বিক্রি করলেন মা পারভীন বেগম। এ ব্যাপারে মধ্যস্থতাকারী দুই দালাল হাতিয়ে নিয়েছেন ৩০ হাজার টাকা। এমনটাই তথ্য পাওয়া যায় সন্তান দত্তক নেওয়া নিঃসন্তান নাছরিন আক্তারের কাছ থেকে। সম্প্রতি বানারীপাড়ায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
বানারীপাড়া পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র স্বামীহীন পারভীন বেগম অর্থাভাবে পাঁচ মাসবয়সি পুত্র সন্তানের ভরণপোষণ করতে পারছিলেন না। তিনি সন্তানটি বিক্রি করার জন্য বিভিন্ন মানুষের দারস্থ হন। এমন সংবাদে একই এলাকার আনোয়ার মোল্লা ও তার অপর সহযোগী সলিয়াবাকপুর গ্রামের গাছ ব্যবসায়ী মো. সালেক ওই শিশুটিকে বিক্রির মধ্যস্থতা করেন। তারা সলিয়াবাকপুর ইউনিয়নের ফরাজি বাড়ির প্রবাসী গাফ্ফার ফরাজীর স্ত্রী নিঃসন্তান নাছরিন আক্তারের কাছে ৭০ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করেন। শিশু বিক্রির বিষয়টি ধামাচাপা দিতে আনোয়ার, সালেক ও নাছরিন আক্তার নোটারি পাবলিকের একটি কাগজে পারভীনের স্বাক্ষর নেন। পরে সন্তানের বিনিময়ে পারভীনকে তারা ৪০ হাজার টাকা দেয় বলে পারভীন জানান।
নাছরিন আক্তার জানান, মানব (মানুষ) কখনো বিক্রি হয় না, তিনি ওই শিশুটির ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন এবং শিশুটির মা পারভীন আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় তাকে কিছু অর্থ প্রদান করা হয়েছে।
