বরিশালে মেয়র ও কাউ‌ন্সিলরের বাসায় হামলার অভিযোগ 

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ২১:০৭

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আবুল খা‌য়ের আব্দুল্লাহ খোকন সের‌নিয়াবা‌ত ও ১৫ নম্বর ওয়ার্ড কাউ‌ন্সিলর সাম‌জিদুল ক‌বির বাবুর বাসভব‌নে হামলার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে। 

বুধবার (১৪ আগস্ট) গরীর কালুশাহ সড়কের এ হামলার ঘটনা ঘ‌টে। এ সময় জানালার গ্লাস ভেঙে ফেলা হয় ও গেটে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে বিএনপির একদল কর্মী হামলায় চালিয়েছে। তবে বিএনপির দাবি, দুটি বাসাতেই ১৫ আগস্ট উপলক্ষে গোপন বৈঠক হওয়ার খবরে তা প্রতিহত করা হয়েছে। 

ছবি: সংগৃহীত

নগরের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামজিদুল কবির বাবু বলেন, সকাল সোয়া ১০টার দিকে ১৫-২০টি মোটরসাইকেলে বিএনপির একদল কর্মী আমার কালুশাহ সড়কস্থ বাসভবনের গেটে পিটায়। পাশের টিনশেড কার্যালয় ভাঙচুর করে। একই ওয়ার্ডে সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের ভাড়া বাসায় হামলা চালিয়ে চার-পাঁচটি জানালার গ্লাস ভাঙচুর করেন। 

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন গণমাধ্যমকে বলেন, ১৫ আগস্টের কর্মসূচি করার জন্য কাউন্সিলর বাবু ও মেয়রের বাসায় কিছু লোক সভা করেছিল। আমাদের কাছে তথ্য ছিল সেখানে নাশকতামূলক কিছু হতে পারে। এই খবর পেয়ে আমাদের নেতা–কর্মী ও ছাত্র–জনতা সেখানে গিয়ে ওই পরিকল্পনা পণ্ড করে দিয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, দুটি স্থানেই পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 

 

 

ইত্তেফাক/এসএএস