ঝড় ও ভারী বৃষ্টিতে ওয়াশিংটনে বন্যা

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২২:২৯

ঝড় ও ভারী বৃষ্টিপাতে ওয়াশিংটন ডিসিতে বন্যার সৃষ্টি হয়েছে। এমনকি হোয়াইট হাউজেও পানি ঢুকে গেছে। বিভিন্ন রাস্তা-ঘাট ডুবে গেছে। আটকে পড়া গাড়ি থেকে অন্তত ১৫ জনকে উদ্ধার করেছে দমকল বাহিনী। ১৯৫৮ সালের পর এই প্রথম এত বেশি বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে বলে ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে। খবর ডেইলি মেইল ও এবিসি নিউজের

স্থানীয় সময় সোমবার ভারী বৃষ্টিপাত শুরু হয়। ন্যাশনাল ওয়েদার সার্ভিস বন্যার কারণে জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে। বাসিন্দাদের ভিন্ন রাস্তা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া বিভাগ জানায়, এই বৃষ্টিপাত স্বাভাবিক নয়। বন্যার কারণে মেট্রো এলাকায় অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেক গাড়ি পানিতে ভেসে যেতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে, কেউ ভেসে যাওয়া গাড়ির ওপরই দাঁড়িয়ে আছেন। কাউকে আবার দমকল বাহিনী আটকে পড়া গাড়ি থেকে উদ্ধার করছেন। হোয়াইট হাউজে সাংবাদিকদের ব্রিফিং রুমে পানি ঢোকার একটি ছবিও ভাইরাল হয়েছে। রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে বিমান ছাড়তে প্রায় এক ঘণ্টা দেরি হয়। এতে দুর্ভোগে পড়েন অনেক যাত্রী। পানিতে লাইন ডুবে যাওয়ায় আলেক্সান্দ্রিয়া এবং ভার্জিনিয়ার ছয়টি ট্রেন ছাড়তে বিলম্ব হয়। 

আবহাওয়া বিভাগ জানিয়েছে, সোমবার মাত্র এক ঘণ্টায় রেকর্ড ৮ দশমিক ৪ সেন্টিমিটার বৃষ্টি হয় ওয়াশিংটনে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্যানুযায়ী, এর আগে ১৯৫৮ সালে ৫ দশমিক ৬ সেন্টিমিটার বৃষ্টি হয়েছিল ওয়াশিংটনে। বহু গুরুত্বপূর্ণ রাস্তা পানিতে ডুবে ভেঙে পড়ে ট্রাফিক ব্যবস্থাপনা। বিভিন্ন এলাকায় আটক দুর্গতদের উদ্ধারে ছোটো নৌকা নামিয়েছে প্রশাসন। কেবল ওয়াশিংটনই নয়, সোমবার ভারী বৃষ্টি হয় ভার্জিনিয়া স্টেটের আর্লিংটনেও। সেখানেও মাত্র এক ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ১২ দশমিক ৭ সেন্টিমিটার। ভার্জিনিয়ার আলেক্সান্দ্রিয়ায় মাত্র ৩০ মিনিটের বৃষ্টিতে ৭ ফুট পানি জমে যায়।