আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে-বিদেশে অবস্থিত স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী ১০ কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, বিচার বিভাগ সংস্কার করা হচ্ছে। প্রধান বিচারপতিসহ অন্যদের জীবন-বৃত্তান্ত দেখে বোঝা যাবে, কত যোগ্যদের নিয়োগ দেওয়া হচ্ছে।
বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, ১ জুলাই থেকে ৫ আগস্টের আন্দোলন ও গণঅভ্যুত্থানে সারা দেশে ছাত্র-জনতার বিরুদ্ধে যেসব মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের হয়েছে, তার সবগুলোই প্রত্যাহার করা হবে। এরই মধ্যে পুলিশ কাজে যোগ দিয়েছে। এখন আশা করছি, আগামী বৃহস্পতিবারের মধ্যে ঢাকার সব মামলা এবং ৩১ আগস্টের মধ্যে সারা দেশের উক্ত মামলা প্রত্যাহার করা হবে। বিগত সময়ে যারা বিদেশে অর্থ পাচার করেছে, তাদের বিচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা জনগণের টাকা পাচার করেছে, দুর্নীতি করেছে, তাদের বিচার করা হবে। আইন উপদেষ্টা জানান, সাইবার সিকিউরিটি আইনসহ যেসব নিবর্তনমূলক আইন আছে, সেগুলোর তালিকা করা হচ্ছে। এসব আইন বাতিল অথবা সংশোধন করা হবে। নির্বাচন কমিশনও সংস্কার করা হবে। নির্বাচন আইন সংশোধন করা হবে। ভোটাধিকার নিয়ে উপহাস করা হয়েছে। ভোটের অধিকার ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
