গার্মেন্টস খাতে অর্ডার পেতে মালিকরা নিজেরাই প্রতিযোগিতায় লিপ্ত

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২২:৩০

সদ্য সমাপ্ত ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশের গার্মেন্টস পণ্যের রফতানি বেড়েছে সাড়ে ১১ শতাংশ। তবে গার্মেন্টস পণ্য রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বলছেন, রফতানি বাড়লেও দর বাড়ছে না; বরং কমে গেছে। অথচ একই সময়ে প্রত্যেকটি কারখানায় উত্পাদন খরচ বেড়েছে। মূলত কারখানা মালিকরা ক্রয় আদেশ ধরতে গিয়ে এখন নিজেদের সঙ্গেই প্রতিযোগিতা করছেন। ফলে সুযোগ বুঝে বিদেশি ক্রেতারা (বায়ার) দর কমিয়ে দিচ্ছেন।

ইত্তেফাকের সঙ্গে আলাপকালে গার্মেন্টসের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে কথা বলেছেন সংগঠনটির প্রথম এই নারী সভাপতি। তিনি বলেন, আমরা অনেকেই বড়ো বড়ো কারখানা তৈরি করে বসে আছি। একের পর এক লাইন বাড়াচ্ছি। মাস শেষে শ্রমিকের বেতন-ভাতা দেওয়া আর লোকসানের হাত থেকে রক্ষা পেতে যে কোনো মূল্যে অর্ডার ধরতে হবে। ফলে নিজেদের সঙ্গে অসম প্রতিযোগিতায় লিপ্ত হয়ে কম দরে অর্ডার ধরার প্রতিযোগিতায় নামি। এ প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে না পারলে গার্মেন্টসের দর পাব না; বরং কমতেই থাকবে।

তিনি বলেন, পোশাক খাতের বড়ো তিনটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এগুলো হলো আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তির চ্যালেঞ্জ, মজুরি, দাম ও দক্ষতার চ্যালেঞ্জ এবং চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলার চ্যালেঞ্জ। স্থানীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গার্মেন্টস খাত নিয়ে নেতিবাচক খবর বেশি প্রকাশ করা হয়। এ খাতের অনেক ভালো ও ইতিবাচক খবর প্রকাশ পায় না। কিন্তু সামান্য একটি নেতিবাচক বিষয়টি স্থানীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বড়ো করে আসছে। এটি আমাদের কারো জন্যই কল্যাণকর নয়।

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করার প্রয়োজনীয় প্রস্তুতি আমাদের রয়েছে কি না সে প্রশ্ন তুলে তিনি বলেন, অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। এজন্য প্রযুক্তির সঙ্গে সাযুজ্যপূর্ণ উদ্ভাবনের প্রয়োজন রয়েছে। অনেক মৌলিক জায়গায় আমরা পিছিয়ে রয়েছি। ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে মালিকপক্ষের দূরত্ব কমছে, তবে তা এখনো রয়েছে। সাংঘর্ষিক অবস্থান নয়, বরং আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে।

চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধের প্রভাব এবং ইউরোপে বাংলাদেশের অন্যতম প্রধান প্রতিযোগী ভিয়েতনামের সঙ্গে ইইউর এফটিএ (মুক্ত বাণিজ্য চুক্তি) নিয়েও কথা বলেন তিনি। বলেন, সবমিলিয়ে ইউরোপের বাজারও ধীরে ধীরে বাংলাদেশের রফতানিকারকদের জন্য কঠিন হয়ে পড়ছে।