বিএনপি ও গণফোরামের সংসদ সদস্যদের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করতে পাঁচটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সংসদে মাগরিবের নামাজের বিরতির পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর পৃথক প্রস্তাবের প্রেক্ষিতে কমিটিগুলো পুনর্গঠন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপির সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভুঁইয়াকে সংসদের কার্যউপদেষ্টা কমিটির সদস্য করা হয়েছে। সংসদ অধিবেশনের মেয়াদ ও কার্যাবলী ঠিক করে এ কমিটি। স্পিকার এ কমিটির সভাপতি। প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ জ্যেষ্ঠ সংসদ সদস্যরা এ কমিটির সদস্য।
উকিল আব্দুস সাত্তারকে বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সদস্যও করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপির হারুনুর রশীদ স্থান পেয়েছেন সংসদ কমিটিতে। সংসদ সদস্যদের আবাসন ও অন্যান্য সুবিধা দেখতে কাজ করে এ কমিটি। গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে বিশেষ অধিকার কমিটির সদস্য করা হয়েছে। গণফোরামের আরেক সদস্য মোকাব্বির খানকে লাইব্রেরি কমিটির সদস্য করা হয়েছে। বিএনপির সংরক্ষিত আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।
