সুইডেনে এমপক্সের মারাত্মক স্ট্রেনের প্রথম কেস শনাক্ত

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০০:০৭

সুইডেন নিশ্চিত করেছে, তারা আফ্রিকার বাইরে এমপক্স ভাইরাসের আরও বিপজ্জনক স্ট্রেনের প্রথম কেস শনাক্ত করেছে। স্বাস্থ্য ও সমাজ বিষয়ক মন্ত্রী জ্যাকব ফোর্সমেড বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, সুইডেনে এমপক্স ভাইরাসের ক্লেড ১ নামে পরিচিত একটি মারাত্মক ধরন শনাক্ত করা হয়েছে।

সুইডেন জানিয়েছে, তাদের দেশে প্রথমবারের মতো এমপক্সের ক্লেড ১ স্ট্রেনের কেস পাওয়া গেছে, যা ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাসটির অন্যান্য রূপের তুলনায় বেশি বিপজ্জনক।

সুইডেনের জনস্বাস্থ্য সংস্থার বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, আক্রান্ত হওয়া ওই ব্যক্তি সম্প্রতি আফ্রিকা গিয়েছিলেন। তিনি সেখানে থেকেছেনও। তবে, কোন দেশে থেকেছেন তা জানানো হয়নি।

আফ্রিকার দেশগুলোতে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়েছে এমপক্স। এমন পরিস্থিতিতে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত দুই বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয় বারের মতো এমপক্সের কারণে জরুরি অবস্থা জারি করা হলো। এর আগে ২০২২ সালে এর প্রাদুর্ভাবের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছিল।

শুরুতে কঙ্গোতে এমপক্সের প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর প্রতিবেশী দেশগুলোতে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। কঙ্গোতে এই ভাইরাসের প্রাথমিক প্রাদুর্ভাবে অন্তত ৪৫০ জনের মৃত্যু হয়েছে। এটি এক সময় মাঙ্কিপক্স নামে পরিচিত ছিল।

আগে মাঙ্কিপক্স নামেই পরিচিত ছিল এ ভাইরাস। এমপক্স আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে এটি ছড়ায়। এটি যৌন সম্পর্ক, ত্বকের সংস্পর্শ, কথা বলা বা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমেও ছড়াতে পারে। এতে ফ্লুর মতো উপসর্গের পাশাপাশি ক্ষত সৃষ্টি হয়। অনেক সময় প্রভাব সামান্য দেখা গেলেও মৃত্যু পর্যন্ত হতে পারে।

ইত্তেফাক/এএইচপি