অধিকৃত পশ্চিম তীরের এক গ্রামে বাড়ি ও গাড়ি পুড়িয়ে দিয়েছে কয়েক ডজন ইসরায়েলি বসতি স্থাপনকারীরা (সেটেলার)। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এতে অন্তত একজন নিহত হয়েছে। খবর বিবিসির।
সেটেলারদের মধ্যে কেউ কেউ মাস্ক পড়ে ছিলেন। তারা নাবলুস শহরের কাছে বৃহস্পতিবার সন্ধ্যায় জিত গ্রামে হামলা চালায়। তারা ওই গ্রামে পাথর ও মোলোতোভ ককটেল নিক্ষেপ করে।
ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রণালয় বলছে, হামলায় আরও একজন গুরুতর আহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, তারা এই ঘটনা খতিয়ে দেখছে। ইসরায়েলের রাজনৈতিক নেতারা এই হামলার নিন্দা জানিয়েছে। সেইসঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির অঙ্গীকার করেছেন।
আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, জিত গ্রাম থেকে একজন ইসরায়েলি নাগরিককে আটক করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জিত গ্রামে বাড়ি ও গাড়ি পুড়ছে। সেইসঙ্গে ওই গ্রাম থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে হামলায় কতগুলো বাড়ি ও গাড়ি পুড়ে দেওয়া হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যে কোনো অপরাধমূলক কাজের জন্য দায়ীদের ধরা হবে এবং বিচার করা হবে।
